সে যুগে ভয়ানক কোন জন্তুর কবল থেকে বাঁচার জন্য একেকদিন একেকজনকে বলি হতে হত । সম্মিলিত কিংবা সাহসী পদক্ষেপের অভাবে সেই বিপদ আস্তে আস্তে পুরো জনপদ ধ্বংস করে দিত । আজ আমরা অনেক আধুনিক । মন-মনন ও চিন্তনে । কিন্তু বিপদের মুখোমুখি দাঁড়াবার সেই সনাতনী ভয় আজো রয়ে গেছে ।
ছিনতাই হতে দেখেও আমরা এগিয়ে যাই না । কারো বিপদে সাহায্যের হাত বাড়াই না । সকল অন্যায়কে পাশ কাটিয়ে চলি । আর যখন নিজের উপর সেই অন্যায় এসে পড়ে তখনি কেবল মনে হয়-মানুষগুলো সব অমানুষ হয়ে গেছে । আমার এত বড় বিপদ তবু কেউ এলোনা সাহায্য করতে ! দুনিয়াটা শেষ হয়ে গেল ! কেয়ামতের আর বাকি নাই! ইত্যাকার হাজারো রকমের কথা আউড়াই আর নিজের ভাগ্যকে পরিহাস করি ।
এদেশের মানুষের যাবতীয় দুর্ভাগ্যের সূচনায় একজন ক্যারিশমাটিক লিডারের অনুপস্থিতির কথা অনেকেই বলে থাকেন । এটা ঠিক, সাধারণ মানুষ কখনো জাতির ইতিহাস বদলায় না । বদলায় অসাধারণরাই । একজন লিংকন যেমন অনেক মানুষের সুখী জীবন যাপন নিশ্চিত করেছিল; তেমনি একজন হিটলার অনেকের জীবন দুর্বিসহ করে তুলেছিল ।এই যে নেতৃত্ব - যা আপনাকে বাধ্য করে ভাল কিংবা খারাপ থাকতে- তা নির্ধারণে আপনার অবদান কতটুকু ?
সৎ এবং পরিশ্রমী মানুষের নেতা সৎ এবং পরিশ্রমী হতে বাধ্য-এমন কথা আমি মানিনা । সময়ই নির্ধারণ করে দেয় কেমন নেতার অধীনে থাকবে জনপদ । সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু তৈরী হয়েছিলেন আবার সময়ের প্রয়োজনেই খুন হয়েছেন সপরিবারে ! ইতিহাস চলে আপন নিয়মে-উথ্থান আর পতনের সূত্র ধরে । একজন মুহাম্মদ পাপীদের জনপদে এসেছিলেন, তৈরী করেছিলেন লক্ষ সৎ লোক, কিন্তু কোটি সৎ লোক মিলেও একজন মুহাম্মদের মত নেতা তৈরী করতে পারবেনা এটা নিশ্চিত!
মানুষ চরম দুর্দশাগ্রস্ত হলেই কেবল ত্রাতার আবির্ভাব ঘটে । এ জনপদে যেমন এসেছিলেন বঙ্গবন্ধু । আমাদের দুর্দশা আরো চরমে যত দ্রুত পৌঁছবে ততই মঙ্গল । কারণ ইতিহাস বলে- তবেই কোন মহান নেতার আগমন ঘনিয়ে আসবে । আমরা আরো পরস্পরের প্রতি অবিশ্বস্ত হব, আমরা আরো পাপী হব, হব আরো অমানুষ - তবেই না কোন মহান ত্রাতা এসে আমাদেরকে বাঁচাবেন ! আমরা দ্রুত পৌঁছে যাব আমাদের স্বর্ণালী দিনে ।
ওল্ড জিপসীম্যান আজ ইউরোপ-আমেরিকায় থাকলেও কাল সে নিশ্চিত জানি বাংলাদেশে থাকবে । আজ তুমি একজনের সর্বনাশ করো কাল তোমার সর্বনাশ আরেকজন নিশ্চিত করবে । আর এভাবেই আমরা পৌঁছে যাব সাফল্যের চূড়ায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



