লাভ অ্যাট ফার্স্ট সাইট- এটা কি সম্ভব? একজনকে দেখলাম আর ধুম করে ভালোবেসে ফেললাম!! ব্যাপারটা হাস্যকর, একদম হাস্যকর। আর যাই হোক লাইফ তো আর জোকস না। কিন্তু এই নিতান্ত হাস্যকর ব্যাপারটাই ঘটলো আমার জীবনে।
ভার্সিটি লাইফে ত্যক্ত-বিরক্ত, কিচ্ছু ভাল্লাগেনা। সেকেন্ড ইয়ার চলে। বাসে সেদিন সিট পাই নাই, ঝুলতেছি। আশপাশে মেয়েদের সিট। বিরক্তভাবে সামনে তাকিয়ে আছি। সাইডগ্লাসে প্রথম তাকে দেখলাম, তারপর সরাসরি। লাল-কালো মিশ্রনের ড্রেস পরা। মানে পুরোটাই লাল, এর ভেতর কালো নকশা করা। স্কুল লাইফে এক ফ্রেন্ড বলছিল লাল ড্রেসে মেয়েদের সবথেকে আকর্ষনীয় লাগে, এরপরে আছে গোলাপী। এই মেয়েটিকেও বেশ ভাল লাগছে। আগে একে দেখছি বলে মনে পড়ে না, এই বাসে এক বছর ধরে ঝুলছি। নাহ্ মেয়েটি নতুন, ফার্স্ট ইয়ার।
বিকালে টিউশনি নাই সেদিন, দিবানিদ্রায় গেলাম। অতি-আশ্চর্যজনক ভাবে মেয়েটির কথা মনে পড়ল। কোলবালিশ ধরে ভাল একটা ঘুম দিলাম। পরদিন সকালে দেখি সেও বাসের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে। হাল্কা শীত-শীত মিষ্টি রোদে আমার ভিতর দিয়ে কেমন যেন একটা শীতল অনুভূতি টের পাই।
দু-চারদিনের মধ্যে এই বাসের ইয়ার-দোস্তদের সাথে কথা-বার্তায় বেরিয়ে আসে তারাও তাকে দেখেছে এবং ভাল লেগেছে। কিন্তু কেউ জানে না কোন ইয়ার বা কোন ডিপার্টমেন্ট। একদিন সকালে মেয়েটিকে দেখি বাস থেকে নেমে আর্কির দিকে যেতে। দুঃখে কইলজা হাডি যায়, সব সুন্দরীদের কি আর্কিতে পড়তে হবে?
পরেরদিন মেয়েটির সাথে ধাক্কা লাগার অবস্থা, একটুস খানির জন্য হলো না। আরে, এই মেয়ে আমার ডিপার্টমেন্টে কি করে? এডমিশন টেস্টে ৫০% অবজেক্টিভের সুফল আসতে শুরু করে দিয়েছে নাকি? নাম-ধাম জানা হলো না। মিডটার্ম ব্রেক শুরু হয়ে গেল এক সপ্তাহের জন্য।
এডমিশন টেস্টে যারা চান্স পায় তাদের নাম-ঠিকানা ছবিসহ প্রস্পেক্টাসে ছাপায়। কারো এতে কোন লাভ হয় কিনা জানিনা। কিন্তু আমার হল। উর্বর মস্তিষ্কে আইডিয়া আসল যে ওর নামটা তো ওখান থেকে সহজে বের করা যায়।
তারপর তার মাঝে হারিয়ে যাই আমি। কাব্য চর্চা কিংবা গানের লিরিকস লিখে তার নামে ডেডিকেট করা, কত কি যে চলতে থাকে!!
আজ বুয়েট লাইফের শেষ ক্লাস করলাম। কেমন অনুভূতি হচ্ছে বোঝাতে পারব না। আমি নিজেই ঠিক বুঝতেসি না। কিছু একটা লিখতে ইচ্ছে করছিল। কিন্তু হাজার স্মৃতির ভীড়ে কোনটা রেখে কোনটা লিখি! তাই বুয়েটে আমার প্রথম এবং শেষবারের মত পতিত হবার ঘটনাটাই শেয়ার করলাম। সাথে দিলাম সেই সময়ে তোলা ছবি।
আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে
এই পথেই যদি আসি আবার
সঙ্গে সেই স্মৃতি ভার
রঙ চটা সেই গিটার
সেই অহংকার এবং সেই জোয়ার
হয়ত সব থাকবে সেই আগেকার মতই
পাবো কি দেখা রাজশ্রী তোমার?
এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




