প্রতিদিনের মত সেদিন সকালেও গিয়েছিল মেম্বরের বাড়িতে কাজ করতে। উঠানটা ঝাড় দিয়ে, কেবল বাসন কোসন নিয়ে কল পাড়ে গেছে, তখনই মেম্বরের বাড়ির রাখাল ছোঁড়াটা এসে বলল ---আঞ্জুবুজি তোকে আম্মা ডাকে। আম্মা মানে মেন্বরের স্ত্রী।
সেখানে যেয়ে দেখে আঞ্জুর বাপ হাত জোড় করে দাঁড়ায় আছে। মেম্বর বলল --এইতো আঞ্জু আসছে।
মেম্বরের বউ আঞ্জুর হাত ধরে ঘরে নিয়ে বলল-- তোর বিয়ে হবে এখন আইজুদ্দিনের সঙ্গে। তোর বাপও রাজী।
কেন বিয়ে ? কিসের জন্য বিয়ে? কিছুই বুঝল না । কাজী ডেকে বিয়া পড়ায়া দিল। আর আঞ্জু আইজুদ্দিনের বউ হয়ে গেল। আইজুদ্দিন মেম্বরের বান্ধা কামলা। মইষের নাহান কালা।
পরে শুনছে মেম্বরের শালা রফিক তিন দিন আগে এইখানে আসছিল। আঞ্জুকে দেখে তাকে বিয়া করার জন্য পাগলা হইছে। তাই মেম্বর তাড়াতাড়ি করে আইজুদ্দিনের সাথে তার বিয়া দিয়া দিছে।
কোন দেনা পাওনা নাই । এই কথা শুনে আঞ্জুর বাপের আর কিছু বলার নাই। মেম্বর বিয়ার পর ঘর তুলে দিছে। তিন কানি জমি আলাদা করে আইজুদ্দিনকে দিছে বর্গা করে খাওয়ার জন্য। আঞ্জু এখন আর মেম্বাবারের বাড়ীতে কাজ করতে যায় না। কিন্তু এই আইজুদ্দিনকে ও আগেও পছন্দ করে নাই এখনও করতে পারে না।
এক্কেবারে মইষের নাহান কালা মানুষটাকে রাতের বেলা বাত্তি ছাড়া দেখা যায় না। চলাফেরা করে নিঃশব্দে। উঁচু উঁচু দাঁত গুলি দেখলেই ওর শুওরের কথা মনে পরে। রাত্রে শুইলে গা ঘিন ঘিন করে, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। মা বলে দিছে --স্বামীর কথা শুনবি স্বামীর পায়ের নিচে বেহেস্ত। খবরদার তার কথার অবাধ্য হবি না। অবাধ্য হওয়া পাপ, মহা পাপ। কিন্তু এই চার মাসে তার বেহেস্ত দর্শনের স্বাদ মিটে গেছে।
কাল বিকালে আঞ্জুদের বাড়িতে বেড়াতে এসেছে আইজুদ্দিনের ভাতিজা হবিবর। কি সুন্দর দেখতে?! কি নরম কথা বার্তা !?। চাচী বলে যখন ডাক দেয় বুকের ভিতরের কলিজায় কাঁপন ধরে। কাল সন্ধ্যা থেকে ভাবছে এ তার কি হল? সে হইল চাচী - চাচী মানে মায়ের মতন। কিক্তু বুকের ভেতর যে বাদ্য বাজে সেটা তো আঞ্জুর অচেনা। কাল রাতে ভাত দেবার সময় বলছিল ---আর ভাত নেব না, জোর করে দেবার সময় হাত ধরে বলেছিল না আর দেবেন না । আঞ্জুর সারা শরীরে যেন বান ডেকে গেল। এখন আঞ্জু বিছানায় জেগে আছে, পাশের চালার ঘরের মানুষটা ঘুম থেকে উঠলে সে কল পাড়ে যাবে--- যদি একবার তাকে দেখা যায়, শুধু তাকে দেখার জন্য।
সকালবেলা আইজুদ্দিন কাজে যাবার পর আঞ্জু হবিবরের পাতে গরম ভাত তুলে দিতে দিতে জিজ্ঞাস করে ---আপনে কবে যাবেন?
হবিবর পূর্ন চোখ মেলে তাকায় আঞ্জুর দিকে । হয়ত আঞ্জুর কথার মাঝেই সে আঞ্জুকে খুঁজে পায় তাকে বুঝতে চেষ্টা করে। আঞ্জুর চোখের দিকে তাকিয়ে বলে-- আজ বিকালে।
হবিবর আঞ্জুর চোখে এক মদির দৃষ্টি খুঁজে পায়। সে ধীরে ধীরে বলে-- আপনে যদি বলেন তো আর দুই দিন থাকব। কিন্তু যেতে তো হবেই একদিন।
আঞ্জু বিহ্বল হয়ে যায়। সে যদি বলি???? এত খানি গুরুত্ব তাকে এই জীবনে কেউ কোন দিন দেয় নাই। আঞ্জু মৃদু স্বরে কিছু বলতে চায়- কিন্তু পারে না। হবিবর আঞ্জুর ডান হাতটা ছুঁয়ে দিয়ে বলে-- তুমি খব সুন্দর।
আঞ্জুর জীবনে আর কি পাবার বাকি রইল? এই কথাটা শুনতে এত ভালো লাগে তা সে কখনও বুঝতে পারে নাই। তুমি সম্মোধন এই প্রথম তার জীবনে। কোথায় আইজুদ্দিন? আর কোথায় তার ভাইজা?
কেন ভাতিজার মত একটু সুন্দর একটু নরম মানুষ হইতে সে পারতো না ? একটু ভাব ভালোবাসার কথা কইতে পারতো ? একটু যদি আদর করে বুকে জড়ায় ধরতো। সে তো বেশি কিছু কখনই কল্পনাও করে নাই। সিনেমার মত ভাব ভালবাসার কথা চিন্তা করার আগেই বুইড়া দোজবরে মইষটার সাথে তার বিয়ে হয়ে গেল।
যেদিন আইজুদ্দিনের বউটা বাচ্চা জন্মদিতে যেয়ে মরল সেদিনও আইজুদ্দিন মাঠে কাজ করে বেড়াইছে একবারের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে নাই। যেন পাত্থর একটা।
ভাব ভালোবাসাহীন জীবনটা একটু আদর ভালোবাসার কাঙ্গাল। হবিবরকে দেখে তার মনে হল এই যেন সেই যাকে সে চায় বা চেয়েছে।
আঞ্জু আর হবিবর এখন অন্ধকার ভেঙ্গে ভেঙ্গে খুব দ্রুত হেঁটে হেঁটে পথ পার হচ্ছে। তাদের যেতে হবে অনেক দূর সকালের সূর্য উঠার আগেই। হবিবর শক্ত করে ধরে রেখেছে আঞ্জুর হাত। আঞ্জু তার জীবনের সমস্ত দায়িত্ব হবিবরের হাতে ন্যাস্ত করে নির্বিঘ্নে পথ চলছে। মাঝে মাঝে ফিস্ ফিস্ করে কথা বলছে দুজনে। যেন একটু জোরে কথা বললেই তৃতীয় কান সজাগ হয়ে যাবে। আকাশের দুই একটা নক্ষত্র তাদের পথচলা দেখছে। সামনের আলু ক্ষেতটা পর হলেই মঝিরা গ্রাম, সেই গ্রামের সড়ক ধরে গেলেই পাওয়া যাবে মহাসড়ক। সেই মহা সড়কে উঠে যেকোন বাসে চড়ে উঠলেই ঢাকা। তাদের আর কেউ খুঁজে পাবে না।
পথ চলতে চলতে তারা দুজনই ক্লান্ত। আলু ক্ষেতের পাশের বড় বট গাছটার নিচে দাঁড়িয়ে হবিবর বলে খুব ক্ষিদা লাগছে। আর হাটতে পারছি না।
হায়রে পুরুষমানুষ খিদা লাগলেই কাইত।
পোটলা থেকে দুইটা চিতই পিঠা বের করে দেয় আঞ্জু। হবিবর পিঠা খেতে খেতে পরম সোহাগে আঞ্জুর পিঠে হাত দিয়ে বলে-- আইজ চাচার ধান বেঁচা টাকাগুলা সব আনছো।
আঞ্জু হবিবরের কাঁধে মাথা রেখে বলে, না সে কোন টাকা আনতে পারে নাই।
হবিবর চট করে উঠে দাঁড়ায়-- তাইলে আমরা ঢাকা যাব কেমন করে ? আর তোমাকে কি জন্যে নিয়া যাব?
হবিবরের কথা শুনে আঞ্জু অবাক হয়ে যায়। ও তো ভালবাসার টানে ঘর ছেড়েছে। আর হবিবর দেখি টাকার জন্য লাফালাফি করছে। টাকাতো আইজুদ্দিনের না মেম্বরের। রাত হবার জন্য মেম্বরকে দিতে পারে নাই, কাল দেবে।
---চল চাচী বাড়িতে যাই। টাকা ছাড়া ঢাকায় কোথায় যাব? আর তোমাকে নিয়া ঝামেলা বাড়াবো নাকি। টাকা থাকলে তাও চিন্তা করা যাইতো।
তার মানে ? হবিবর কি বলে??? টাকা থাকলে সে টাকাগুলি নিয়ে আঞ্জুকে রাস্তায় ফেলে রেখে চলে যেত??
উঠে দাঁড়ায় আঞ্জু। থু থু করে থুতু দেয় হবিবরের মুখে। সে দৌড় দেয় তার স্বামীর ঘরের দিকে। যে ঘর তার পবিত্র ঘর। তার নিজের ঘর।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



