১.
গোধূলীর স্পষ্ট রক্ত ক্ষরণে
বহমান নদীর বুকে ভেসে, ফিরে আসে
পুরানো দিনের আহত পালক।
আগুনপোড়া ম্লান কিশোরের চোখে
সোনালীমেঘের মেয়েরা গলে পড়ে
খিলখিলে হাসির বৃষ্টিতে।
২.
নিশ্চুপ রাত এসে হঠাৎ ডেকে তোলে
হৃদপিন্ডের গোপনপথে কুমারী কবিতার নরোম
শরীরের উষ্ণতায় জড়ো হয় অসংখ্য শব্দের মিছিল;
জেগে জেগে চোখের বিগত নির্ঘুমেরা - রাতের
ক্লান্ত শ্রমিকের স্বরহীন কষ্টের পোড়াদাগ
ভীষণ কাদাঁয় আর বিষণ্ন বৃষ্টিতে
রেলপথে লোহালক্কড়ের কর্কশশব্দে
থরথর কাঁপিয়ে নিস্তব্ধ করে যায় রাতের স্তব্ধতায়।
৩.
তারপর; আহত সময় হেঁটে হেঁটে
মৃত্তিকার দাগ মুছে ফিরে পায় আলোর সজীবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



