আমি পিঁপড়ে খাই- না না খেতাম,
অর্থাৎ আমি এক পিঁপড়েভূক ছিলাম;
লাল-কালো সব পিঁপড়েই আমি খেয়েছি,
নিশ্চিন্তে অনেক পিঁপড়েই আমি খেয়ে নিয়েছি।
বিশ্বাস কর, সত্যিই আমি পিঁপড়ে খেয়েছি,
অনেক খেয়েছি- অনেক অনেক খেয়েছি,
আর তারপর উদ্গার তুলে কাঁপিয়ে দিয়েছি ধরণীরে।
সব পিঁপড়েই আমি খেয়েছি, বড় বড় কালো-
আম গাছের পিঁপড়ে, কিংবা মাটির ঢিবির লাল পিঁপড়ে,
অথবা ডাইনিং টেবিলের গা বেয়ে চলা-
কালো পিঁপড়ের সারি, সাবাড় করেছি পরম নৈপুণ্যে।
পিঁপড়েরা বিদ্রোহ করেছিল- এমনটি বলব না,
বাঁচার প্রবণতায় সহজাত প্রত্যাক্রমন- সেতো স্বাভাবিক,
কিন্তু মারা যাবার পর- গাঁজাখুরি শোনাচ্ছে! না?
কিন্তু আমার খেয়ে ফেলা মৃত পিঁপড়েরা,
আমার ধরণী কাঁপানো উদ্গারের উৎস-
সামান্য লাল-কালো পিঁপড়েরা বিদ্রোহ করেছে,
এবং করছে যখন তারা মৃত,
অস্তিত্বহীন- সম্পূর্ণরূপে আমাতে বিলীন।
আমার পেট, বুক জুড়ে শত শত ব্যাটেলিয়ন,
দিনভর কুঁচকাওয়াজে মগ্ন পিঁপড়েবাহিনী।
আমার ঠেসে বমি আসে, তাতে লক্ষ লক্ষ পিঁপড়ে ভাসে,
আমার মাথায়, চুলে মৃত পিঁপড়ের ঝাঁক
ক্রলিং করে এগিয়ে চলে, আমার কান্না জুড়ে
পিঁপড়ের ডিম ভাসে, লাল-কালো পিঁপড়ের ডিম;
আমার মাথার অনেক ভেতরে পিঁপড়েরা হুমড়ি খেয়ে পড়ে,
তারা সহস্রগুণে বেঁচে উঠছে-নির্বিচারে বেঘোরে মারা গিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

