সংসদের প্রথম সারিতে মন্ত্রী ও সরকারি দলের সাংসদের অনুপস্থিতি দেখে স্পিকার আব্দুল হামিদ অধিবেশনের শুরুতেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেছেন, "এই বিষয়টি আমি সহজভাবে নিতে পারছি না।"
রোববার বিকেল ৪টা ১০মিনিটে সংসদের অধিবেশন শুরু হলে দেখা যায়, ট্রেজারি বেঞ্চের সামনের সারির ২৯টি আসনের মধ্যে ২৭টিই ফাঁকা। এ সময় ওই সারিতে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
এ দিন অন্যান্য কার্যসূচি স্থগিত করে অধিবেশনে দ্বিতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র (পিআরএসপি-২) নিয়ে আলোচনা চালানোর ইচ্ছা ছিলো স্পিকারের।
তবে অধিবেশনের শুরুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও অনুপস্থিত ছিলেন। সংসদে তারই পিআরএসপি-২ উত্থাপন করার কথা।
রোববার কোরান তেলাওয়াত ও তরজমা শেষেই স্পিকার প্রথম সারিতে মন্ত্রী ও সাংসদদের অনুপস্থিতির বিষয়ে বলেন, "এ জিনিসটা আমার খুব ভালো লাগছে না। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আছেন। কিন্তু, ফ্রন্ট রো (সামনের সারি) খালি। এটা আমি সহজভাবে নিতে পারছি না।"
পিআরএসপি-২ নিয়ে আলোচনায় যারা উৎসাহদানকারীরাও অনুপস্থিত জানিয়ে স্পিকার বলেন, "আমি ভেবেছিলাম, আজকে পিআরএসপি নিয়ে আলোচনা হবে। ভেবেছিলাম, অন্যসব কার্যক্রম স্থগিত করে এই বিষয়ে আলোচনা হবে। যারা এ বিষয়ে আলোচনায় উৎসাহ দেখিয়েছিলেন, তারাও অনুপস্থিত।"
তিনি বলেন, "যিনি এই বিষয়টি সংসদে উপস্থাপন করবেন, সেই মন্ত্রীও অধিবেশনে নেই। প্রধান হুইপও সংসদে নেই।"
স্পিকারের বক্তব্যের পর সংসদ নেতা শেখ হাসিনা বলেন, "অর্থমন্ত্রী মনে হয় একটু সময় চান। আপনি আপনার মতো অধিবেশন চালিয়ে যান। উনার মনে হয়, কিছু সময় দরকার। আমরা আসলে দুপুর আড়াইটা পর্যন্ত মন্ত্রীদের নিয়ে একটা মিটিং করেছি। আপনি দিনের কর্মসূচি শুরু করতে পারেন।"
এরপর স্পিকার আবারও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, "আপনি সংসদে উপস্থিত। কিন্তু, সামনের সারির মন্ত্রী ও সাংসদরা উপস্থিত নেই। এটা আমি সহজভাবে নিতে পারছি না।"
এ সময় অধিবেশন কক্ষে পূর্ণমন্ত্রীদের মধ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আইনমন্ত্রী শফিক আহমেদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের দ্বিতীয় সারিতে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীসহ সরকারি দলের ৫৮ জন সাংসদ উপস্থিত ছিলেন। এছাড়া জি এম কাদের সহ জাতীয় পার্টির তিনজন, জাসদের ইনু ও সংরক্ষিত মহিলা আসনের ২৫ জন সাংসদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/পিসি/এসএইচ/১৭২৪ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



