
আমার কেন কোন ভাই বোন নেই ? চীনের এই প্রজন্মের প্রশ্ন বাবা-মায়ের কাছে। 'একটি সন্তান' - এই কৌশলের ফলে নিঃসঙ্গ একটি প্রজন্ম।
চীনের জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে চীনা সরকার ‘একটি মাত্র সন্তান' গ্রহণের নীতি চালু করেছিল। জার্মানির মত চীনেও মানুষের গড় আয়ু ৭০ বছরের উপরে। একটি মাত্র সন্তান গ্রহণের কারণে চীনের একাধিক প্রজন্ম বেড়ে উঠেছে নিঃসঙ্গ অবস্থায়। সে প্রজন্মের কোন ভাই-বোন নেই। নেই কেন মামা-খালা, চাচা বা ফুপু।
লু ইয়ান কিনের কথাই ধরা যাক। সাংহাইয়ে বসবাস করছেন তিনি। সম্প্রতি ৩০ বছরে পা রেখেছেন। স্বামী এবং একমাত্র সন্তানের সঙ্গে জন্মদিন পালন করেছেন। তাঁর একটিই ইচ্ছা ৬ বছরের ছেলেকে একজন খেলার সঙ্গী যোগাড় করে দেয়া, তিনি চান আরেকটি সন্তান। তিনি আক্ষেপের সঙ্গে জানালেন, আমি এবং আমার স্বামী দুজনেই বাবা-মায়ের একমাত্র সন্তান। আমাদের এই মুহূর্তে আর্থিক সামর্থ্য রয়েছে আরেকটি সন্তান লালন-পালনের। আমার ছেলে প্রায়ই প্রশ্ন করে - সে কেন ভাই বা বোন পাবে না ? আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িও তাই চায়। তারা মনে করে একটি যথার্থ পরিবারে একটি নয় একাধিক বাচ্চা থাকতেই পারে।
লু ইয়ান কিন এবং তাঁর স্বামী দুজনেই - 'একটি মাত্র সন্তান' – সেই প্রজন্মের৷ কোন ভাই-বোন ছাড়াই তারা বড় হয়েছেন। এধরণের দম্পতি এখন আরেকটি সন্তানের জন্য চেষ্টা করতে পারেন - রাষ্ট্র অনুমতি দিয়েছে। এর আরেকটি কারণ হল, যে-প্রজন্ম প্রবীণ হচ্ছে এবং এক পর্যায়ে যারা আর কাজ করার সামর্থ্য রাখবেন না, তাদের দেখাশোনার জন্য চাই পরিবারেরই লোকজন। মাত্র একজন অর্থ উপার্জনকারীর পক্ষে দুজনের দেখাশোনার জন্য যথেষ্ঠ অর্থ হাতে থাকবে কিনা তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজনের পক্ষে যে সম্ভব নয় তা বর্তমান আর্থ-সামাজিক অবস্থা থেকে পরিস্কার বোঝা যাচ্ছে। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন দুটি সন্তান গ্রহণের।

সাংহাই অন্য এলাকার অনেক আগেই এক সন্তান কৌশল গ্রহণ করেছিল। এর ফলে যা হয়েছে তা হল এখানে বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সাংহাইয়ে শতকরা ২১ শতাংশ মানুষের বয়স ৬০ এর বেশি, ১৫ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি৷ জার্মানিতে যেমন দেখা যায়।
সাংহাইয়ে এর ফলাফল ভয়াবহ। কর্মজীবী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে দ্রুত। দেরিতে হলেও সরকারের দৃষ্টিতে তা ধরা পড়েছে। একটিমাত্র সন্তান - এই নীতিতে পরিবর্তন আনতে হবে। সময় পাল্টেছে, পাল্টেছে রাজনৈতিক দৃষ্টিকোণ। একটিমাত্র সন্তান গ্রহণ করার পরও চীনে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। প্রতি বছর চীনে জন্ম নিচ্ছে প্রায় দু কোটি শিশু।
তবে এই জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা গেছে গ্রামগুলোতে অনেক বেশি। দক্ষিণ প্রদেশের জিয়াং সি তার মধ্যে উল্লেখযোগ্য। একটি স্কুলের ক্লাসরুম উপচে পড়ছে ছাত্র-ছাত্রীতে। সে গ্রামে অন্য রকম নিয়ম কাজ করেছে। কারো প্রথম সন্তান একটি মেয়ে হলে সেই পরিবারের জন্য দ্বিতীয় সন্তান গ্রহণে কোন বাধা ছিল না।
যুক্তি দেখানো হয়েছে মাঠে-ঘাটের কাজে শক্ত সামর্থ্য ছেলে প্রয়োজন। শুধুমাত্র যারা সংখ্যালঘিষ্ঠ তাদের জন্য ছিল অন্য আরেক নিয়ম। মুসলমান উইগুর সম্প্রদায় তিনটি সন্তান পর্যন্ত গ্রহণ করতে পারে। উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে চীনের জনসংখ্যা দেড়শ কোটির কাছাকাছি।
ফিরে যাচ্ছি সাংহাইয়ের আলোচনায়। সাংহাইয়ের পুডং অঞ্চলে কাজ করছে ইয়ু ইয়ুকিন। জন্মহার নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট একটি দপ্তরে তিনি কাজ করেন। তিনি জানালেন, প্রতি বছরই বিবাহিত দম্পতির সংখ্যা বাড়ছে যারা দ্বিতীয় সন্তানের জন্য আবেদন করছেন। এবং তাদের অনুমতি দেয়াও হচ্ছে। এ অঞ্চলে ২০০৬ সাল থেকে তার সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
ইয়ুর একটিই ছেলে এবং ছেলেটি মায়ের কাছে খেলার সঙ্গী চায়। যে ভাবেই হোক তার একটি ভাই বা বোন চাই। যার সঙ্গে সে খেলতে পারবে, যার হাত ধরে সে সকাল-বিকাল বেড়াতে বের হবে।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




