![]()
চব্বিশ ঘণ্টার ব্যবধানে দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ১১ জন বেড়ে যাওয়ায় সরকারের উপর নির্ভর না করে নিজেদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে আজই বিমানবন্দরসহ দেশে ঢোকার সব পয়েন্টে ফ্লু সনাক্তকরণ ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রতি তিন থেকে চার দিন পর পর কোনও কোনও দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা দুই থেকে চারগুণ বাড়তে পারে।
চীন সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী কয়েকমাসে সারাবিশ্বে সোয়াইন ফ্লুর বিস্ফোরণ ঘটতে পারে। তাদের আশংকা, আগামী দুই বছরে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা বেড়ে শুক্রবার ৯৮-এ দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার তার দেয়া তথ্যমতে এ সংখ্যা ছিল ৮৭ জন।
বাংলাদেশের জন্য এটিকে আশঙ্কাজনক খবর উল্লেখ করে তিনি পরামর্শ দেন, সবাই যেন সরকারের উপর নির্ভর না করে নিজেরাই এ বিষয়ে সতর্ক থাকেন।
মন্ত্রী বলেন, “আমরা আশংকা করছি, এটি বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যেহেতু এখন আমাদের দেশের মধ্যেই একজনের থেকে আরেকজনে, এক বাচ্চা থেকে আরেক বাচ্চার মধ্যে ছড়াচ্ছে বেশি। যেমন, আজকে প্রায় ১০০’র কাছাকাছি, হয়তো কালকে ১১০ জন বা ১২০ জন এরকম হতে পারে বা তারও বেশি হতে পারে।”
সবাইকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়ে তিনি বলেন, “এর যথেষ্ট পরিমাণ ওষুধপত্র রয়েছে, চিকিৎসক রয়েছে। আজকে ১০০ জন, কালকে ২০০ বা তার পরের দিন ৩০০— এরকম যে বাড়তে পারে না এমনটা আমি বলতে পারছি না।”
দেশের বাইরে থেকে আসা সব লোকজনকে বিমানবন্দরে ফ্লু সনাক্তকরণ ব্যবস্থা যথেষ্ট নয়—সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, শনিবার থেকেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, দেশে ঢোকার সবগুলো পথে সবাই যেন নির্দিষ্ট একটি হলুদ কাগজে স্বাক্ষর করেন সেটি নিশ্চিত করা হবে।
গত ১৪ জুন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এক বাংলাদেশীর শরীরে প্রথম এ ভাইরাসের অস্তিত্ব মেলে। এরপর আন্তর্জাতিক ফ্লাইটে দেশে ফেরেন আরও কয়েকজন আক্রান্ত। তাদের কাছ থেকে বিস্তার ঘটার পর গত ১৮ আগষ্ট পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী ছিল ৩৬ জন।
চলতি বছরের এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লুর আবির্ভাব হয়। মানুষ, শুকর আর পাখির ভাইরাসের সংমিশ্রনে জন্ম নেয়া এইচওয়ানএনওয়ান নামের এই ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এতে আক্রান্ত হলে প্রথমে সর্দি, এরপর প্রচণ্ড জ্বর এবং প্রয়োজনীয় চিকিৎসা না হলে মৃত্যু।
সোয়াইন ফ্লু’র ব্যাপক বিস্তারের পর গত ১১ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি ঘোষণা দেয়।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




