চাঁদপুরের রসু খাঁও-এর বদৌলতে হালে বাংলাদেশে 'সিরিয়াল কিলার' শব্দটি অনেকের মুখে মুখে ফিরলেও বিশ্লেষকরা বলছেন, শব্দটি ১৯৭০-এর দশকে প্রথম ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) স্পেশাল এজেন্ট রবার্ট রেসলার। তবে তারও আগে ১৯৩০-এর দশকে জার্মানির পুলিশ বাহিনীতে 'সিরিয়াল কিলার' ধারণাটি পরিচিতি লাভ করে।
বিশেষজ্ঞদের মতে, যারা ৩০ দিনের বেশি সময়ের মধ্যে ঠাণ্ডা মাথায় আলাদাভাবে তিনটি বা তার বেশিসংখ্যক খুন করে তারাই সিরিয়াল কিলার। বেশিরভাগ ক্ষেত্রে তাদের খুনের পেছনে থাকে মনস্তাত্তি্বক কারণ। মনোবিজ্ঞানীরা তাদের মানসিক রোগী বলে উল্লেখ করেন। সিরিয়াল কিলারদের খুনের সঙ্গে অনেক সময় যৌন সম্পর্কের বিষয়টি জড়িত থাকে। খুনগুলো হয় একই কায়দায়। আর যারা খুন হন তাদের মধ্যে বেশ কিছু দিক থেকে মিল খুঁজে পাওয়া যায়। যেমন_ বয়স, পেশা, লিঙ্গ ইত্যাদি ক্ষেত্রে নিহতদের মধ্যে মিল থাকে। গবেষকরা বলেন, সিরিয়াল কিলাররা কাউকে খুন করার আগে জোর করে তার সঙ্গে দৈহিক সম্পর্ক করে। খুন করে তারা কোনো চিহ্ন রাখে না। চাঁদপুরের রসু খাঁও ঠিক একই কাজ করেছে। খুন করার আগে প্রতারণার ফাঁদ পেতে নারীদের ভোগ করেছে। রাতে খুন করে লাশ ফেলে রেখেছে খালের পাশে।
এগারো নারীকে খুনের অভিযোগে 'ক্রমিক খুনি' বা 'সিরিয়াল কিলার' হিসেবে চিহ্নিত হয়েছে চাঁদপুরের রসু খাঁ। বিশ্বের বিভিন্ন দেশের সিরিয়াল কিলারের চরিত্রের সঙ্গে রসু খাঁর চরিত্রের রয়েছে অনেক মিল। কলম্বিয়ার ভয়ঙ্কর সিরিয়াল কিলার লুইস গারাবিটো ও ব্রিটেনের হ্যারল্ড শিপম্যানের মতো রসু খাঁও খুন করেছে ঠাণ্ডা মাথায়। ওয়েবভিত্তিক তথ্যপঞ্জিকা উইকিপিডিয়া বলছে, এ পর্যন্ত পৃথিবীর ৪৪টি দেশে সিরিয়াল কিলারদের সাজা হয়েছে। উইকিপিডিয়ার ওই তালিকায় এখন ৪৫ নম্বরে বাংলাদেশ; যদিও আদালতে রসু খাঁর দণ্ডিত হওয়ার বিষয়টি এখনও বাকি। উইকিপিডিয়ার তালিকা অনুযায়ী আর্জেন্টিনা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, মিসর, ফিনল্যান্ড, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ঘানা, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জ্যামাইকা, জাপান, লাটভিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, ইউক্রেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলায় সিরিয়াল কিলারদের সাজা হয়েছে।
সূত্র : লসঅ্যাঞ্জেলেস টাইমস, উইকিপিডিয়া, সিএনএন, সমকাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



