সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষা করছিলাম । প্রশস্থ করিডোরের মধ্যদিয়ে হাজার লোক যাচ্ছে আসছে-কিন্তু সেখানেই একপাশে দড়ি দিয়ে ঘেরা এক জায়গায় দেশী বিদেশী মিলে জনা দশেক তবলিগী একসাথে খাওয়া দাওয়া করছেন ।
আমি একটু অবাক হয়েছিলাম, -কেননা এদের কারনে যাত্রীদের যাতায়াতের জন্য জায়গাটা খুব ছোট হয়ে যায়, তাতেসবারই অসুবিধা হচ্ছিল। কিন্তু ওদের কোন ভ্রুক্ষেপ নেই, যেন এটা তাদের অধিকার। পরে বুঝলাম জায়গাটা আসলে পাশের মসজিদের এক্সটেনসন,-দড়ি দিয়ে ঘেরা । এগিয়ে দেখলাম করিডোরের ওই পাশটায় মসজিদ । নামাজের সময় না থাকায় সেটা তখন খালিই ছিল –কিন্তু তবু তারা মসজিদের ভেতরে না বসে বাইরেই খাচ্ছে-
কৌতুহল হলো । ওদের মধ্যে এক বিদেশীকে জিজ্ঞেস করলাম,
-কোথা থেকে ?’
একজন আমার ইংরেজি বুঝলো না । অপেক্ষাকৃত তরুন একজন উত্তরে বললো,
-সিরিয়া ।’ অবাক হলাম সেই কোথায় সিরিয়া, আজ সারা পৃথিবীর চোখ যেখানে,চলছে এক গৃহযুদ্ধ । আমি তাই বললাম,
-‘তোমাদের দেশ বোমায় ব্রাশফায়ারে জ্বলছে -লক্ষ লক্ষ সিরিয়ান উদ্বাস্তু ,মুসলমান মুসলমানকে মারছে- দেশের ক্রান্তিকাল আর এরা এখানে তোমরা - ?’
উত্তরে কাধ দু’টো ঝাঁকিয়ে কি যেন বললো বুঝলাম না । আধো ভাঙ্গা ইংরেজি, আরবি মিশিয়ে যা বললো তা এই যে- ‘ওসব দুনিয়দারি ব্যপার আমরা কি আর করবো। আমরা তো রাজনীতি করিনা। আল্লাহর দাওয়াত দিই।’ আমি বললাম,
-‘তোমাদের দেশের ওই অসহায় মানুষগুলো –তাদের সন্তানেরা রাসায়নিক বোমায় মরছে- কি হবে ? তোমাদের পরিবারের লোকরাই বা কোথায় ? তোমাদের কি স্ত্রী পুত্রকন্যা নেই? তোমাদের কি দেশেই এখন থাকা উচিৎ ছিল না ? দেশেই তো এখন কাজ , মৃত্যুর মিছিল থেকে মানুষদের উদ্ধার করা, তাদের আহার বাসস্থান সাহায্য করা উচিৎ না ? স্বৈরাচারের বিরুদ্ধে কি তোমাদের সংগ্রাম করা উচিৎ না ?’
কিন্তু ওরা নির্বিকার,শুধু শুনলো, তারপর জবাব এল,
–ওসব আল্লাহ দেখবে’।
- আমাদেরও তো আল্লাহরই দেখার কথা –তবু তোমরা কেন এসেছ ?
-দাওয়াত দিতে আমরা সারা পৃথিবী যাই ।
-তোমাদের দেশে যারা নিজেরা মরছে তাদের দাওয়াত দরকার নেই ? আমাদের এখানে কি আর দাওয়াত দেবার মানুষ নেই ? তোমরা দাওয়াত দিতে এসেছ,যাচ্ছ অজ পাড়াগাঁয়ে -তাদের ভাষাও জান না । কি লাভ ? বরং তোমার দেশে যারা তোমার ভাষা বোঝে- তাদের দাওয়াত দাও ।’
-সেখানে অন্য মানুষ আছে। আর এখানেও মানুষ দরকার দাওয়াত দেবার, এটিই দরকার ।
- তোমার দেশের মানুষদের আল্লাহর হাতে রেখে এসেছ , আর আমাদের এসেছ উদ্ধার করতে ?
আমি একটু ক্ষোভের সঙ্গে বললাম । কিন্তু তরুণটি এবার একটু রেগেই গেল মনে হল ।
-দেখ , এখানে সবাই দুনিয়াদারি বেশি করে ,আখেরাত ভাবে না ,তাই মারামামরি । তোমাকে দাওয়াত দিলাম । আমাদের সময় নাই । কাকরাইল এসো । তুমি বুঝে যাবে সব কিছু- শুধু তিনদিন সময় লাগবে, তোমাকে বোঝাতে । তখন আর এসব বলবে না ।’
ওরা চলে গেল । করিডোরে রাখা অজস্র লোটা কম্বলের লটবহর সাথে নিয়ে। পড়ে থাকলো ওদের খাবারের উচ্ছিস্ট গুলো । অনেকগুলো পলিথিনে মোড়া, এক পাশে পড়ে ।
কয়েকটা পথশিশু ,ভাসমান কিশোরী । ওদের ফেলে যাওয়া উচ্ছিষ্টের ব্যাগগুলো ঘেটে বের করছে -দলে যাওয়া কমলার খোসা,আপেলের টুকরা ,জুসের বোতলগুলোর তলে থেকে যাওয়া দু একফোঁটা জুস---।
আমি মুখ ঘুরিয়ে নিলাম । কি দরকার –এই সব দীন দুনিয়ার ব্যপারগুলোর দিকে না তাকানোই ভালো । এসব তো আল্লাহই দেখবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

