
''পথে পথে ঘুরে বেড়াই পথিক বলে কেহ
পথিকের নাই পথের সীমা নাই আপন গেহ
পথের মাঝে বসত আমার পথেই বাঁধি ঘর
পথকে সেধে আপন করি পথকে করি পর ।
চলতে পথে জোটে যদি সঙ্গী সাথি কেউ
জড়িয়ে তারে আপন করি আপন মনের চেয়েও
পথের মাঝে খুঁজে ফিরি নূতন পথের দিশা
চলতে গিয়ে থমকে গেলেও মেটেনা চলার তৃষা !
নিরন্তর এই পথ চলায় নেইকো চলার শেষ
একলা পথে চলতে আমার ভালোই লাগে বেশ
সঙ্গী ছাড়া হঠাৎ তবু বিষণ্ণ হয় মন
তখন যারে কাছে পাই তারেই ভাবি আপন ।
নানা পথের দুনিয়াতে আছে নানান মতের দ্বন্দ্ব
পথ ভোলা বেভুল পথিক তাই হয়েছে অন্ধ
অন্ধ মনের বন্ধ দুয়ার খুলতে পথিক ব্যস্ত
পরের কাছে ঘরের কাজ তাই করেছে ন্যস্ত ।
চলা বলা করা যদি সাহিত্যে হয় কর্ম
পথিকের পথ চলা আর কবিতা কবির ধর্ম
চলছে পথিক লিখছে কবি বসে নূতন পদ্য
এমনি করেই এই কবিতা প্রসব হল সদ্য ।
পথশ্রমে ক্লান্ত দেহ তবু পরিশেষহীন পথ
শ্লথ হয়ে যায় শান্ত পথের পদব্রজের রথ
এমনি করে কবির কলম হবে যবে শান্ত
সেদিন মোরে খুঁজবে কি গো হয়ে উদভ্রান্ত !''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৭ মধুমাস ১৪২৬ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৯ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




