
ঘর কুনো ব্যাঙ বুঝবে কিবা গাঙের পানির স্বাদ,
বানের জলে ভাসলে কত ভাঙবে নদীর বাঁধ ?
কত কথায় স্বপ্ন ব্যথায় কাব্য বোনা যায়,
মনকে চেনার হিসেব কঠিন মানুষ চেনা দায় !
কত কলায় পূর্ণ যে হয় পূর্ণিমারই চাঁদ ?
খুব সহজে হয় কি পূরণ নারী মনের সাধ !
কত শত অশ্রু জলে দুঃখ ভোলা যায় ?
মানুষ চেনার হিসেব কঠিন মনকে কেনা দায় !
প্রাণের আয়ু কদিন বল কতই বা তার দম !
আর কত কাল পেরুলে তবে ঘুচবে মনের ভ্রম ?
সেসব হিসেব নেইকো জানা ভাসছ অজানায়,
মিথ্যে বলা অনেক সোজা সত্যি বলা দায় !
কত মেঘে বৃষ্টি নামে, জ্বলে শূন্যে কত তারা ?
সেসব হিসেব কষতে গেলে হবেই আত্মহারা ।
পরের দোষ না দেখে দ্যাখো নিজেরে আয়নায়,
মজলে রূপে হবেই তোমার গুনকে চেনা দায় !
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ গুগল
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




