
''আমি তারাদের সাথে নিভি পুনঃ জ্বলি
আমার আকুল রোদন মিনতি সকলই
ভাসে বাতাসে, ভোরের আকাশে দেয় জলাঞ্জলি ।
কত বিনিদ্র রজনী আমি করেছি যাপন
আপন ভুবনে কবিতা সম কথার বপন
করেছি কত, শত শত প্রাণে জাগাতে কাঁপন ।
কত দিন আমি ত্যাগিয়াছি গৃহ ঘর বাড়ি
আপনার সাথে আপনার করিতে ছাড়াছাড়ি
নানা পথে, নানা রথে তাই ঘুরে ফিরি ।
আমি আলেয়ার পিছে ঘুরেছি কত মিছে
আমার বোধন, হাসি আর কাঁদন বিরহ বিষে
পিষে একাকার, করে হাহাকার ভেঙে যাওয়া বিশ্বাসে ।
আমি ভাল বাসতে জানি, বাসাতে জানি
জানি তবু ভালবাসা নয় ইহা, স্বেচ্ছায় হয় মানি
করে কানাকানি আপন মনে এ ব্যথা বিদ্যার বীণাপাণি ।
আমি রচি গান দিয়ে মন প্রাণ
সুর ও ছন্দে বধিতে তাহার পাষাণ পরাণ
সন্ধান করিতে নূতন শব্দ সুর, পড়ে যাই কোরান-পুরান।
স্বভাবে কবি আমি, অভাবেও সাজি স্বভাবী
ব্যথা-বিষে নীলকণ্ঠ তবু মুখেতে ফোঁটাই হাসি
পোড়া বাঁশি ভালবাসি, আর ঐ দূর কলঙ্ক-শশী ।
বেভুল পথিক তাই বারেবারে পথ ভুলে যাই
নাই আশা নাই শক্তি তবু স্বপ্ন বুনে যাই
আশায় নিরাশায়, তারে কাছে পাই পেয়ে আবার হারাই । ''
………… ( অসমাপ্ত )
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



