
''কে কাহারে পৃথিবীতে মনে রাখে কয় দিন
কে বা হিসাব রাখে বল কার কাছে তার ঋণ !
দুপুর যেমন যায় গো ভুলে মধুরতম সকাল,
বিকেল ভোলে উদাস দুপুর সন্ধ্যে ভোলে বিকাল ।
সাঁঝের বেলার পিদিম নিভে রাত্রি গভীর হলে,
রাত্রি ঘুমায় অন্ধকারে তারার আলোক বোলে ।
ভোর বেলা কি মনে রাখে রাত্রি বেলার সব ?
কোন বিরহী মনে রাখে প্রণয় কালের স্তব !
চতুর্দশী চাঁদ ভুলে যায় উদয় কালের আকার,
কি প্রয়োজন অতীত দিনের কথা মনে রাখার !
পথ ভুলে যায় পথের পথিক, পথিক ভোলে পথ
তুমিও সখি যাও যে ভুলে প্রণয় তরী রথ ।
আমিও দেখো যাবই ভুলে মনে রাখার দায়
যাবই ফেলে গত কথা বিদায় বেলার নায় । ''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১১ ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




