স্পর্শ
তোমার স্পর্শ এই উন্মূখ বুভূক্ষু আমায়
অহোরাত্র ডাকে। জানি পাপ। কল্পনার এই পরিধি
তুমি কি দেবেনা কখনো পাড়ি - গন্তব্য গোলকে
ধাঁধাঁ, তবু এক কাতর পাপীর থাকে গরলের
অসীম তৃষ্ণা।
জানি নারী এক নিষিদ্ধ ফল, তবু ফলবতী -
সোমরসে ভেজা নেশার গোপন কুহকে অনিষিক্ত দেবী ।
মায়া তুমি। ভ্রম তুমি। রুপোর নুপুর পায়ে
অযথা অধীরা ইচেছর মৃদু দোলা - অনতি কাল ধরে।
স্বপ্নের মত্ততায় সেই তুমি কখনো কি নও আমার মানবী!
হোক শাপগ্রস্ত, তবু লোভে জন্মের ঠিকুজি খুজে
ধীরে ধীরে ফিরে পাওয়া জীবনের কূল,
ধস্ থেকে যে উত্থিতা তাকে কি মানায় মরা নদী?
অভাবের প্রহেলিকা হোক তবু লোভে ও লাস্যে
তুমি তো স্রোতস্বিনী শুধু নারী -
সমর্পণে পাপ শুধু লাঘবের কালে জাগে।
তুমি ঘৃনা করো পাপ। তুমি মানো মৃত্তিকার তন্বী প্রলেপে
গন্তব্যের মোড় , আর ঘরে ফেরা পাখিদের ডানায় ডানায়
বেদুইন পুরুষের
মায়াহীন নোঙ্গরের খাড়ি।
সাধনার বনবাসে যখনি পিপাসা লাগে আমি জেগে থাকি।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



