ব্যর্থ প্রেমিকের হাতে লাঞ্ছিত হয়েছে সরকারি বিএম কলেজের এক ছাত্রী। শনিবার দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সাধারণ ছাত্ররা গণধোলাই দিয়ে বহিরাগত যুবককে কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। মুচলেকা প্রদানের পর তাকে নিজ কলেজের ছাত্রনেতাদের হাতে তুলে দেয়া হয়।
দুপুরে সমাজ কল্যাণ বিভাগের এক ছাত্রী তার বান্ধবীকে নিয়ে গল্প করছিল ক্যাম্পাসের হানিফ উদ্যান পয়েন্টে। দুপুর ১২টার দিকে কামাল হোসেন নামে এক যুবক তার দু’সহযোগীকে নিয়ে একটি মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছে। ছাত্রীটির সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর উভয়ের মধ্যে বাগবিতন্ডা চলে। হঠাৎ ছাত্রীটির গালে চড় বসিয়ে দেয় বহিরাগত যুবক কামাল। ছাত্রীটিও তার গালে থাপ্পড় দিয়ে পাল্টা জবাব দেয়। বিষয়টি দেখে ক্যাম্পাসের অন্য ছাত্ররা দৌড়ে এসে কামালকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে কলেজের সমাজ কল্যাণ বিভাগে নিয়ে যায়। কামালের সহযোগীরা এ সুযোগে পালিয়ে যায়। ঘটনা জানতে পেরে কলেজ অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল দাস ও অন্য শিক্ষকরা সমাজ কল্যাণ বিভাগে ছুটে যান। তারা কামালের পরিচয় জানার পর তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে হাতেম আলী কলেজের এক ছাত্রলীগ নেতা বিএম কলেজে এসে মুচলেকার বিনিময়ে কামালকে ছাড়িয়ে নেয়।
কামাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। তার বাড়ি ঝালকাঠি। বিএম কলেজের সমাজ কল্যাণ বিভাগের ওই ছাত্রীর বাড়িও ঝালকাঠি। প্রায় দু’বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। পাঁচ মাস আগে ছাত্রীটির অন্যত্র বিয়ে হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ ছিল কামাল হোসেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



