ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। আজকে সূর্য ছিল না। আবার এইমাত্র জানালা দিয়ে বাইরে তাকাতেই অনাকাংখিত দৃশ্য দেখতে পেলাম। বাইরে তুষারপাত হচ্ছে। সোজা বাংলায় বরফ পড়ছে। হালকা বাতাসও বইছে। বাতাসের ঘুর্ণিপাকে তুষারকণিকাগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ঘুরে মাটিতে পড়ছে। এটা এ বছরের প্রথম তুষারপাত। আমি বার তলায় থাকি। এখানে থেকে শহরের একটা অংশ বেশ চোখে পড়ে। কিন্তু আজকে বেশীদূর দেখা যাচ্ছে না। আমার বারান্দা থেকে প্রায়ই আমি নেভা নদী আর তার উপরের একটা টানা ব্রীজ দেখতে পাই। কিন্তু আজকে ওটা অদৃশ্য। রাতের বেলা ব্রীজটা খুব সুন্দর লাগে দেখতে।
আমার হোষ্টেলটা শহরের শেষদিকে। এখানে কিছু শিল্পকারখানা আছে। এদের শিল্পকারখানাগুলো সবসময় শহরের শেষ দিকে থাকে। শহরের ভিতরে শুধু দোকান আর দোকান, যত শহরের কেন্দ্রে যাবেন বাড়ীঘর তত কমবে, একটা সীমা পার হলে বাড়ীঘর আর দেখা যাবে না। আমার টেবিল থেকেই এই চিমনি দুটো দেখা যায়। কিন্তু আজকে এরাও অদৃশ্য।
আশেপাশের বাড়ীঘরগুলোর সবগুলোর ছাদে বরফ জমে গেছে। আমার ঘরের জানালার শার্শিতে হালকা জলীয় বাষ্প জমার মত দেখা যাচ্ছে। তবে গাছগুলোতে একটাতেও বরফ জমেনি। সম্ভবত বাতাসের কারণে। টেবিলে বসে আপাতত একটা নতুন ফ্যাক্টরির কাজ দেখছি। কয়েকজন ওয়েল্ডিং করছে। ওদের ওয়েল্ডিং দেখে আমার ওয়েল্ডিং করার কথা মনে পড়ে গেল।
বারান্দা থেকে এই লাল খাম্বাটার শুধু মাথাটুকু দেখা যায়। আর কিছু দেখা যায় না। আমার হোষ্টেলের কাছে অনেক গাছ। ঘন গাছপালার আবরনে ঢাকা থাকে খাম্বাটার বাকীটুকু।
আবার ঠান্ডা শুরু হল। এই যে বরফ পড়া শুরু হল, থামবে আবার সেই আগামী বছরের জুনের দিকে।তাপমাত্রা দেখাচ্ছে +১। আবার শুরু হল শীতের মাঝে, বরফের মাঝে বসবাস। সূর্যের দেখা পাওয়া যাবে না আবার বহুদিন। একদিন আবার চব্বিশ ঘন্টা রাত হবে। খবর আছে। আপাতত উদাস হইয়া বরফ পড়া দেখতাছি। ভালাই লাগতাছে। অথচ আগে কখনো এমন ভালা লাগে নাই। যাই হোক একটা বিড়ি খাইয়ায় আহি।
ছবিগুলান সব গুগল আর্থ থিকা চুরি করা। আমার কোন ক্যামেরা নাই।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



