নদী আর কত কাঁদবে?
কাঁদতে কাঁদতে ওর চোখের জল সব শুকিয়ে এসেছে। নদী এখন দিনরাত কাঁদে। ঘর বন্ধ করে কাঁদে। কাঁদতে কাঁদতে ওই বুঝি কান্না হয়ে গেছে।
রেজার মৃত্যুটা ওর জীবনটা এভাবে বদলে দেবে কে ভেবেছিল। রেজার সঙ্গে বিয়ে ঠিক ছিল। গত আগস্টে রেজা নেদারল্যান্ড থেকে ফিরল। অফিসের কী কাজে গিয়েছিল ওখানে। দেশে ফিরে বাবার সঙ্গে রাউজান গিয়েছিল। ওর বাবা ওখানকার ডাক্তার।
শহরে ফেরার পথে হাইওয়েতে নদীর স্বপ্ন নিভিয়ে দিয়েছিল একটা ট্রাক। গহিরার কাছে।
নদী এখন সারাদিন কাঁদে।
বেঁচে থাকতে ভালো লাগে না ওর। তবু বেঁচে থাকতে হয়। কী আশ্চর্য!
মার মুখ শুকনো। বাবার মুখটা গম্ভীর। নদীর বড় ভাই মিনোসোটা থাকে। ঘন ঘন ইমেল করছে আফতাব। এভাবে একটা সংসার ধ্বসে যেতে বসেছে।
নদীর কালো বিধ্বস্ত মুখ দেখে দেখে সইতে না-পেরে মা একদিন বলল, যা, আফরোজার কাছ থেকে কাছ থেকে ঘুরে আয়। ভালো লাগবে।
মা কে কষ্ট দেয় কি করে? চোখের জল মুছে রাজী হল নদী।
মা বলল, সীতাকুন্ড বাস স্টেশনে আমু ভাই অপেক্ষা করবে । আফরোজার সঙ্গে টেলিফোনে কথা হল।
বুধবার সকালে রওনা হল নদী। জিপের ভিতরে বসে ভালো লাগল না। ওর যে তীব্র শোক। খালি রেজার কথা মনে হয়। একা হলেই খালি রেজার কথা মনে হয়। চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইত রেজা।
তোমায় গান শোনাব/
শারদপ্রাতে তোমায় গান শোনাব।
নদীর ভীষন কান্না পায়। ও সামলে নেয়। ড্রাইভার জামালের বয়স কম। ওর সামনে সংযত হয়ে থাকা
জিপটা সীতাকুন্ডে এসে থামল দুপুরের আগে। তখন আকাশে মেঘ জমেছিল। বাতাস অশান্ত। যদি ঝড় ওঠে। নদীর বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে।
সীতাকুন্ড বাসষ্টান্ডে দাঁড়িয়ে ছিল আমু মামা। অনেক দিন পরে দেখল নদী। বেশ বুড়িয়ে গেছে আমু মামা।
ভালো আছ নি মা?
জ্বী, মামা। ভালো আছি। নদী মিথ্যে বলে।
চল মা, এখন যাই।
চলেন।
ওকে নামিয়ে জামাল চলে যায় চট্টগ্রামের দিকে।
এরপর ফেরিতে সন্দীপ চ্যানেল পেরুতে হবে।
আফরোজা খালার বাড়ি ওই দ্বীপেই। আফরোজা খালা নদীর মায়ের কীরকম বোন। নদীর মার দেশ অবশ্য মিরসরাই। তবে সম্পর্কটা এখনও আছে। সম্পর্ক আসলে রাখলেই রাখা যায়। আফরোজা খালারাও মাঝে মাঝে নদীদের কাজীর দেউরির বাড়ি যায়। বেড়াতে। সর্ম্পকটা এভাবেই টিকে আছে। তবে নদী এবার সন্দীপ এল অনেকদিন পর। শেষবার এসেছিল যখন ও কলেজে পড়ত।
আফরোজা খালাদের বাড়িটা দ্বীপের একেবারে দক্ষিণে, সমুদ্রঘেঁষে। পুরনো দোতলা বাড়ি। কাঠ-পাথরের তৈরি। লোকে বলে এক সময় নাকি পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি ছিল এই দালান। চত্ত্বর, থাম, বড় বড় সিঁড়ি, বড় বড় ঘর; ছাদে দাঁড়ালে নিচে পাথর, বালিয়াড়ি তারপর বঙ্গোপসাগর অনেকটা চোখে পড়ে।
দ্বীপে এসে ভালো লাগছে নদীর। প্রকৃতির এক ধরনের ঘোর থাকেই। এতদিন ছিল বদ্ধ ঘরে। এখন জানালার পাশে দাঁড়ালে বঙ্গোপসাগরটা চোখে পড়ে। শোক তত নেই। তবু খালি রেজার কথা মনে হয়। একা হলেই খালি রেজার কথা মনে হয়। রেজা ওকে বলেছিল চাঁদের দেশে ঘর তুলে দেবে।
আফরোজা খালা বিধবা। ছেলেমেয়ে হয়নি। স্বামী পাগল ছিল। জীবনে অনেক দুঃখ সহেছেন। নীরবে। নদীতে অল্পকথায় শান্ত্বনা দিলেন।
নদীর বুকের মধ্যে তবু অদৃশ্য আগুন ছড়ায়। অদৃশ্য আগুন ছড়ায়। অদৃশ্য আগুন ছড়ায় ...
আফরোজা খালা কত রকম খাবার করেন প্রত্যেক বেলা। সে সব মুখে রোচে না নদীর। সেদিন রাতে ছোট আলু দিয়ে হাঁসের ঝোল রাঁধলেন। বেগুন শুঁটকি। বাড়িতে পাতা দই। কালোজাম। নদী খেতে পারল না। খাবে কি ভাবে? ওর যে তীব্র শোক। খালি রেজার কথা মনে হয়। একা হলেই খালি রেজার কথা মনে হয়।
দুপুরে-বিকেলে একা একা বেলাভূমিতে হাঁটে নদী।
তখন ভীষন বাতাসের আওয়াজ ওঠে। তখনও রেজার কথা মনে হয়। বেলাভূমিতে ভিজে বালি। শামুক-ঝিনুক। বঙ্গোপসাগরের গন্ধ। জেলেদের নৌকা। জেলেদের শিশু। সময়টা অক্টোবর। এসময় পৃথিবী নিঝুম হতে থাকে। বেলাভূমিতে গাঙচিল। ভিজে বালি। একটা কুকুর। রেজা ওকে ছুঁয়েছিল। গভীর ভাবে। বিয়ে তো ঠিকই ছিল। এখন যদি ভিতরের প্রাণটি কলঙ্ক হয়ে ফোটে তো ...
একদিন এখানে পর্তুগিজদের জাহাজ এসে থেমেছিল?
সবই অর্থহীন মনে হয় নদীর।
দিশেহারা বোধ করে ও।
দুদিন পর সকালবেলা চমকে উঠল নদী।
নিচে নেমে এসে দেখল কে একজন বসে। অবিকল রেজার মতন দেখতে। একই বয়েস। শ্যমলা। মাঝারি হাইট। ঘন কোঁকড়া চুল। উজ্জ্বল চোখ। মিষ্টি মুখ। চেক লুঙ্গি আর ডোরাকাটা গেঞ্জি পরা।
কে এ?
আফরোজা খালাই পরে বলল, ওর নাম মোজাম্মেল। আমার বড় ভাসুরের ছেলে। বাড়ি ফটিকছড়ি, তাগো মাছের ব্যবসা। মাঝে মাঝে আমার এখানে বেড়াইতে আসে। মাথার ঠিক নাই মোজাম্মেল-এর। পাগলের গুষ্টি। ওর কাছে তত ঘেঁইষ না মা।
কেন? নদী অবাক।
বললাম না মাথার ঠিক ঠিকানা নাই। পাগলের গুষ্টি- ইয়ারগান দিয়া ইন্দুর মারে বিলাই মারে। পূর্ণিমার চান্দ উঠলে শরীরের কাপড় খুইলা ফেলায়।
বলেন কী!
হ।
কথাটা শুনে অস্বস্তি বোধ করে নদী। তবে ও মোজাম্মেল কে নিয়ে ভাবতে থাকে। আড়চোখে দেখে ছেলেটাকে। অবিকল রেজার মতন দেখতে। গায়ের রং, এমন কী সার্টের হাতা গুটানোর স্টাইল। এমন কী তাকানোর দৃষ্টি। আল্লা রেজাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমরা যদি বিয়ে করি। সব ভুলে মোজাম্মেলকে ভালোবাসি। তা হলে? নদী
দ্রুত ভাবে। ভিতরে একটা ভ্রুন বাড়ছে। সে কলঙ্ক ঢাকব কিভাবে?
একদিন দুপুরে ছাদে দাঁড়িয়ে ছিল নদী।
খানিকক্ষণ আগে খেয়ে এসেছে। আজ আফরোজা খালা ধনেপাতা দিয়ে কইমাছ রেঁধেছিল। অনেক দিন পরে পেটপুরে খেল নদী। ও মোজাম্মেল এর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজকালের মধ্যে প্রস্তাব দেবে। ওকে দেখার পর থেকে রেজার শোকটা স্তিমিত হয়ে এসেছে। অথচ আফরোজা খালা বলে ছেলেটা পাগল। ধ্যাত, তাই হয় নাকি। ও হল দ্বিতীয় রেজা।
ছাদে দাঁড়িয়ে অপলক চোখে বঙ্গোপসাগরের দিকে চেয়ে ছিল নদী।
মধ্য অক্টোবরের চমৎকার রোদেলা দিন। বাতাস কবোষ্ণ। নদীর ইষৎ সোনালি চুল উড়িয়ে নিচ্ছিল। আজ সাদা সালোয়ার কামিজ পরেছে নদী। সবুজ ওড়না। আজ সকাল থেকে ভালো লাগছে। বিকেলে মোজাম্মেলকে নিয়ে সৈকতে বেড়াতে যাবে। তখন ...
পিছনে সিঁড়িঘরের কাছে শব্দ হল।
ও চমকে ফিরে তাকায়।
মোজাম্মেল। খালি গা। লুঙ্গি পরা। মুখে কী রকম হিঃস্র হাসি। ওর দিকে এগিয়ে আসছে। ভঙ্গিটা অনেকটা ধর্ষকের। মেয়েরা এ ভঙ্গিটা চেনে। নদীর বুক ধক করে। এ কি! ও বুকের কাছে হাত তোলো। চোখে বিস্ময়। আতঙ্ক। আপনি! আপনি! এ কি! খালা!
মোজাম্মেল ওর অনেক কাছে চলে এসেছে। দুহাত বাড়িয়েছে।
নদী সরে যায়।
বহু দিনের কাঠের রেলিং। মোজাম্মেল ভার সইতে পারে না।
পড়ন্ত শরীরের আর্ত চিৎকার মধ্য অক্টোবরের বাতাসে মেশে।
বহুনিচে পাথর। বালিয়াড়ি। জেলেদের ওল্টানো নৌকা।
মোজাম্মেল মাথায় গন্ডগোল ছিল। ওর মৃত্যু নিয়ে তেমন ভাবল না কেউ।
নদী আরও মৌন হয়ে যায়।
কলেজে পড়ার সময় সাবিনা ম্যাডাম বলেছিলেন, জীবনে সবাই সুখি হয় না নদী। পৃথিবীতে কারও কারও জন্ম কাঁদার জন্য।
কথাটা কী সতি!
দ্বিতীয় বার রেজাকে পেয়ে হারালাম।
নির্ঘুম রাত কাটে নদীর।
আফরোজা খালার মুখ গম্ভীর। আগামী মঙ্গলবার এখান থেকে চলে যাওয়ার কথা। টেলিফোনে মার সঙ্গে তেমনই কথা হয়েছে। এই দ্বীপে এই শেষ। আর আসা হবে না।
তারপর রেজা ডাকল।
তখন বিকেল। সৈকতে বিষন্ন মনে হাঁটছিল নদী। খালি পায়ের নিচে ভেজা বালি। কথ যে ঝিনুক-শামুক। নুড়ি। গাঙচিল। জেলেদের শিশু। শেষ বেলার রোদের তীব্র উজ্জ্বল রং। বঙ্গোপসাগর নামে সমুদ্রটা। তার ঢেউ।
ঢেউয়ে রেজা দাঁড়িয়ে। ভাসছে।
ভুল দেখলাম নাতো?
না। রেজাই।
দাঁড়াও আসছি। বলে জলের দিকে এগিয়ে যেতে থাকে নদী।
কাছে-দূরের মাঝিরা হই হই করে ওঠে। এখন জোয়ারের সময়। ঢেউ ফুঁসে উঠছে। তরঙ্গে ভীষন চোরাটান।
কী বাতাস। রেজা আমাকে ডাকছে। ওকে কথাটা বলব । ভিতরের প্রাণের কথাটা।
জেলে-মাঝিরা হই হই করে ওর দিকে এগিয়ে আসতে থাকে।
তবু এগিয়ে যেতে থাকে নদী। জলের কিনারায় ...
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




