somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: সংশয়

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে থেকে শামসুল ইসলামকে দেখলে সাদাসিদেই মনে হয়, তার চেহারায় কিংবা আচার-আচরণে তেমন বিশেষত্ব নেই। লম্বা ঢ্যাঙ্গা আর কালো রঙের চোয়াল ভাঙ্গা লোক সে, কোনও পোষাকেই তাকে ঠিক মানায় না । শাদা শার্ট আর কালো ফ্রেমের চশমা-পরা সরকারি অফিসের ছাপোষা কেরানি যেমন হয়- শামসুল ইসলামও দেখতে ঠিক তেমনি।
কিন্তু, শামসুল ইসলামের মনোজগৎ একেবারেই অন্যরকম: ভীষণ ভাবুক লোক তিনি; সারাক্ষনই বিশ্বপ্রকৃতির রহস্য, জীবনের মানে-এসব নিয়ে গভীর ভাবে ভেবে যাচ্ছেন। এসব দার্শনিক বিষয় নিয়ে ভেবে ভেবে কোনও কূল কিনারা তিনি করতে পারেন কি না তা তিনিই জানেন। জগতের অধিকাংশ মানুষই বিশ্বপ্রকৃতির রহস্য নিয়ে ভাবে না বা ভাবার সময় পায় না। তবে শামসুল ইসলাম ভাবেন। শামসুল ইসলাম কেবল ভাবেন না-তিনি বিস্তর পড়েনও -তার শোওয়ার ঘরটি প্রায় হাজার দুয়েক বইয়ে ঠাসা।
ভাবুক লোকদের যা হয়;-স্রষ্টার অস্তিত্ব নিয়ে তাদের মনে গভীর সংশয় থাকেই। স্রষ্টার অস্তিত্ব নিয়ে শামসুল ইসলামের মনেও সেরকম গভীর সংশয় আছে বৈকী এবং শৈশবেই তার মনে এই সংশয় তৈরি হয়েছে; শৈশব থেকেই শামসুল ইসলাম জীবন ও সৃষ্টির রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছেন। শৈশবে অন্যরা যখন চোখ বুজে ধর্ম পালন করে যেত, তিনি তখন তার মনের ভিতরে নানা প্রশ্নের উপস্থিতি টের পেতেন। কেন যে তার মনে অস্বস্তিকর সব প্রশ্ন উঁকি দিত!
ছেলেবেলায় শামসুল ইসলাম বিষ্ণুপুর স্কুলে পড়েছেন। সে স্কুলে বাংলা পড়াতেন আবদুল মতিন মোল্লা। তিনিও কট্টর সংশয়বাদী ছিলেন এবং নানা তথ্য ও তত্ত্ব যুগিয়ে কিশোর শামসুলের চিন্তাকে উশকে দিয়েছিলেন; পড়ার জন্য শামসুলকে বইও দিতেন । তার মধ্যে অন্যতম ছিল অধ্যাপক আবুল ফজল-এর ‘মানবতন্ত্র’ এবং দেবীপ্রসাদ চট্টপাধ্যায়ের লেখা ‘যে গল্পের শেষ নেই’। মোল্লা স্যার প্রায়ই বলতেন, পৃথিবীতে ক্ষুধার্ত ও দুঃখী মানুষের সংখ্যাই বেশি- স্রষ্টা থাকলে এমনটা হত না।
তাই তো।
অনেকে বলে স্রষ্টার অস্তিত্ব থাকলেও সৃষ্টা মানুষের সুখ-দুঃখে উদাসীন। তা হলে স্রষ্টার অস্তিত্ব থাকার দরকারটাই কি?
তাই তো।
ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের চেয়ে বিজ্ঞানচর্চা বেশি জরুরি।
তাই তো।
কাজেই, শৈশব থেকেই শামসুল ইসলাম ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে গভীর সংশয়বাদী দৃষ্টিভঙ্গি পোষন করে আসছেন।
তবে ইদানিং তার সংশয়ী ভাবনায় চির ধরেছে।
কিছুদিন আগে লাঞ্চ টাইমে অফিসের ক্যান্টিনে বসে কলিগ আজিজুর রহমান ভূঁইয়া একটা অদ্ভুত গল্প বলেছিলেন। সে গল্পটা শোনার পর থেকেই শামসুল ইসলাম-এর সংশয়ী ভাবনায় চির ধরতে শুরু করেছে। ছেলেবেলা থেকে এ রকম কাকতালীয় বা অলৌকিক কাহিনী শামসুল ইসলাম অনেক শুনেছেন। সে সব অলীক কাহিনীর অসার যুক্তি মনে মনে খন্ডনও করেছেন। তবে আজিজুর রহমান ভূঁইয়ার মুখে শোনা ঘটনাটি অন্যরকম হওয়ায় তাকে অত্যন্ত নাড়া দিল। ১৯৭১ সালের ঘটনা। সোনাচান নামে বাগেরহাটের এক তরুণ মুক্তিযুদ্ধে যোগ দেয়। মায়ের একমাত্র সন্তান ছিল সে। কাজেই ছেলের চিন্তায় যুদ্ধ চলাকালীন সময়ে মা আম্বিয়া খাতুন অত্যন্ত আকূল হয়ে ছিলেন। ডিসেম্বর মাসে যুদ্ধ শেষ হল। সোনাচান আর মায়ের বুকে ফিরে এল না। দিন যায়, মাস যায়।
সবাই বলল: সোনাচান মারা গেছে। আম্বিয়া খাতুন লোকের কথা বিশ্বাস করে না, তার বিশ্বাস: সোনাচান মরেনি, বেঁচে আছে, একদিন সে ঠিকই ফিরে আসবে। ছেলের জন্য আম্বিয়া খাতুন অপেক্ষা করতে থাকে। রাত জেগে নামাজ পড়েন, দোয়াদরুদ পড়েন। এভাবে কুড়ি বছর কেটে গেল। একরাতে আম্বিয়া খাতুন স্বপ্ন দেখল । হলুদ পাগড়ী পরা অল্পবয়েসি একজন দরবেশ বলছেন, তুই আজমীর শরিফ যা; তোর ছেলেকে তুই ফিরে পাবি। তারপর মেয়ে জামাইকে নিয়ে আম্বিয়া খাতুন ইন্ডিয়া যায় । আজমীর শরীফের মাজারের গলিতে মাঝবয়েসি এক ফকির বসেছিল। সেই মাঝবয়েসি ফকিরকেই আম্বিয়া খাতুন সোনাচান বলে শনাক্ত করে।
ক্যান্টিনে গুঞ্জন উঠল। অডিট ডিপার্টমেন্টের আবদুর রশীদ পাটোয়ারি দাড়িতে আঙুল বুলিয়ে বললেন, সবই আল্লার কুদরত।
শামসুল ইসলাম মনে মনে ফুঁসে ওঠেন। আল্লার কুদরত না ছাই! একাত্তরে আল্লার নাকে ডগায় অত লোক মরল,তখন আল্লার কুদরত কই ছিল! শামসুল ইসলাম সতর্কভাবে আজিজুর রহমান ভূঁইয়া কে জিজ্ঞেস করল, আপনি কি আম্বিয়া খাতুনকে চিনেন?
আজিজুর রহমান ভূঁইয়া উৎফুল্ল হয়ে বললেন, আরে আপনি এইটা কি কইলেন? চিনব না কেন? আম্বিয়া খাতুনের মেয়ে জামাই হইল আমার বন্ধু পিরোজপুরের হারুনুর রশীদ চিশতির মেজ ছেলে।
অ।

২

শামসুল ইসলামের মনের ভিতরে আম্বিয়া খাতুনের ঘটনাটা ঘুরপাক খেতে থাকে। আম্বিয়া খাতুন তার ছেলেকে ফিরে পেল। নিছক প্রার্থনার জোরে? না কি অন্যকিছু। আম্বিয়া খাতুনের ভুল হয়নি তো? নাঃ, সেরকম সম্ভাবনা কম। মায়েরা সন্তানকে চিনতে ভুল করে না। তা হলে? কাকতালীয়? কোইন্সিডেন্স? নাঃ, সেরকম সম্ভাবনাও কম।
সোনাচানের কাহিনী ছাড়াও আরও একটি কারণে শামসুল ইসলামের সংশয়ী চিন্তাভাবনায় চির ধরেছে। আজকাল মনের ভিতরে কেমন যেন করে । হঠাৎ হঠাৎ অন্যরকম একটা অনুভূতি হয় মনে। মাঝরাতে কি শেষরাতের দিকে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় । তখন পরিচিত শব্দ শোনেন, পরিচিত গন্ধ পান: তখন এক অদ্ভুত অনুভূতি হয়। মনে হয়, এসব কিছু অর্থহীন নয়-এই বেঁচে থাকা। কখনও রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে বাস-ট্রাক-প্রাইভেট কার-রিকশা; ...এসব কি অর্থহীন ...মন মানতে চায় না। আমি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি-এখন কি হয় ঈশ্বরে বিশ্বাস করলে?
স্রষ্টার ওপরে শামসুল ইসলামের কিছু হলেও বিশ্বাস আসে এবং তার আচরণেরও কিছু পরিবর্তন হয়। শামসুল ইসলাম স্ত্রী সুফিয়া খাতুন: নিয়মিত নামাজ-কালাম পড়েন। শামসুল ইসলামের ছেলে নেই, তিন মেয়ে: মমতা, ফিরোজা আর আফরোজা । মেয়েরাও মায়ের প্রভাবে নামাজ পড়ে। সুফিয়া খাতুন যখন জায়নামাজ পেতে ফজরের নামাজ পড়তে বসেন তখন আজকাল জায়নামাজের পাশে বসে থাকতে ভালো লাগে তার। আগে আগরবাতি, গোলাপজল ও আতরের গন্ধ ইত্যাদি তার ভালো লাগত না, এখন অতটা খারাপ লাগে না। কয়েকদিন আগে অফিস থেকে বাসায় ফেরার পথে বায়তুল মোকাররম থেকে এক শিশি আতর কিনলেন। শিশিটা ছোট মেয়েকে দিলেন। আফরোজা কি খুশি। তিন মেয়ের মধ্যে আফরোজাই সবচে ছোট; ক্লাস এইটে পড়ে। তার বড় আদরের মেয়ে আফরোজা। শামসুল ইসলামের মায়ের নামও ছিল আফরোজা ...
হঠাৎই শামসুল ইসলামের মনে পড়ে গেল: আফরোজার জন্মের আগে আফরোজার মা হলুদ পাগড়ী পরা অল্পবয়েসি এক দরবেশকে স্বপ্ন দেখেছিল। সেই হলুদ পাগড়ী পরা অল্পবয়েসি দরবেশ বলেছিলেন, তোর একটি কন্যা সন্তান হবে। কন্যা সন্তান জন্মাবার পর তুই কন্যা সন্তান নিয়ে আজমির শরীফ যাবি। সে কথা মনে পড়তেই শামসুল ইসলাম ভীষণ চমকে উঠলেন। আফরোজার মা বারবার বলা সত্ত্বেও শামসুল ইসলাম রাজী হননি আজমীর শরীফ যেতে । হেসে উড়িয়ে দিয়েছেন।
এখন সেসব কথা মনে পড়তেই শামসুল ইসলাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এখন আজমীর শরীফ যাওয়ার কথা না-ভাবলেও নামাজ ধরবেন কিনা ভাবলেন। পরক্ষণেই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন: আমি ঈশ্বরে বিশ্বাস করলেও ধর্মটর্ম পালন করব না। পৃথিবীতে অনেক ধর্ম। নিজের ধর্মটাই সবাই সত্য মনে করে। কাজেই সব ধর্মই সত্য কিংবা সব ধর্মই মিথ্যা!
সে যাই হোক। দীর্ঘদিন পর, জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে ঈশ্বরের ওপর শামসুল ইসলামের বিশ্বাস এল।
এর কিছুদিন পরই একটা বেপরোয়া ট্রাক বড় রাস্তায় আফরোজাকে পিষে পালিয়ে যায়।
কোচিং করে ফিরছিল আফরোজা।
স্পট ডেড।
আফরোজাকে জুরাইন কবরস্থানে দাফন করা হল।

৩

মেয়ের মৃত্যুর পর শামসুল ইসলাম কেমন যেন অপ্রকৃতস্থ হয়ে গেলেন। তার জীবন কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। সারাদিনই ভীষণ ছটফট করেন তিনি । তাকে উদভ্রান্তের মতো দেখায়: ঠিক মতো খান না, ঘুমান না, অফিসেও যান না। ভোরে ঘর থেকে বেরিয়ে প্রায় মধ্যরাতে বাড়ি ফিরে আসেন। শহরের রাস্তায় রাস্তায় উদ্ভ্রান্তের মতন হাঁটেন- বিয়ের পর স্ত্রীর অনুরোধে সিগারেট ছেড়েছিলেন। এখন দিনে দু-চার প্যাকেট উড়ে যায়। সিগারেট টানতে টানতে রাস্তায় হাঁটেন । রাস্তায় বাস-ট্রাক-প্রাইভেট কার-রিকশার ভিড়; সব ...সব অর্থহীন ...হাঁটতে হাঁটতে তিনি ভাবেন: আমার অবিশ্বাস-এর জন্য আফরোজা মরল না তো? সৃষ্টা যদি থাকে তো তার বশ্যতা মানতেই হয়। আমি স্রষ্টার বশ্যতা অস্বীকার করেছিলাম। তিনি যত এসব ভাবেন তত অস্থির হয়ে ওঠেন। ঈশ্বর থাকলে আফরোজার মতন মেয়ে ওভাবে মারা যায় কীভাবে। নাঃ, ঈশ্বর নেই এবং কোনওকালে ছিলও না। তিনি যত এসব ভাবেন তত অস্থির হয়ে ওঠেন।
একদিন তার মনে হল তিনি বেশি দিন বাঁচবেন না । ছোটবেলার গ্রামের ছবিখানি ভেসে উঠল তার মনে-মন উচাটন হল। শামসুল ইসলাম তার স্ত্রীকে বললেন, কদিনের জন্য আমি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন যাই না।
সুফিয়া খাতুন চুপ করে থাকেন। স্বামী ঠিক মতো অফিস করছেন না; কাজে মন বসে না তার । চাকরিরও বেশি দিন নাই। গ্রামের জমিজিরাত যা আছে সেসব এখনি বিক্রি করা দরকার, নইলে বেহাত হয়ে যাবে। বড় মেয়ে মমতার বিয়ের বয়স হল।
শামসুল ইসলামের গ্রামের বাড়ি মেঘনা নদীর পাড়ের বিষ্ণুপুর: লঞ্চঘাট থেকে মাইল খানে পুবে। বাড়ির সামনে ক্ষিরা ক্ষেত, কচুর ঝোপ, পুকুর, বাঁশঝাড়, চালতা ও গাব গাছের জঙ্গল, খাল, ধানী জমি, বাধ ও মেঘনা নদী। অনেক দিন পরে তিনি বিষ্ণুপুর এলেন। অনেক দিন পর নির্মল বাতাস, নদীর গন্ধ, খড়-কাদা ও গোবরের গন্ধ পেলেন। তবে মনে শান্তি পেলেন না। পুকুরপাড়ে বাঁশঝাড়ের ভিতরে মায়ের কবর: মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আফরোজার কথা মনে করে বাঁশঝাড়ের অন্ধকারে হু হু করে কাঁদলেন।
মনের যন্ত্রণা চেপে রেখে শামসুল ইসলাম গ্রামের পুরনো লোকজনের খোঁজ খবর করা শুরু করলেন। ভিটেমাটির একটা বন্দোবস্ত করতে হবে, এভাবে ফেলে রাখা ঠিক না।
বিষ্ণুপুর স্কুলের শিক্ষক আবদুল মতিন মোল্লাও আজও বেঁচে আছেন। এককালের সংশয়বাদী এখন নাকি পাকা মৌলবী হয়েছেন । বিষ্ণুপুরের তাবলীগ জামাতের মুরুব্বী হয়েছেন আবদুল মতিন মোল্লা । শামসুল ইসলাম অবাক হলেন না।
পূবপাড়ায় মোল্লা স্যারের বাড়ি। বর্ষাকাল। যেতে যেতে শামসুল ইসলাম কিঞ্চিৎ ভিজে গেলেন। ছেলেবেলায় এই পথ দিয়েই কত হেঁটেছেন। তার বুক চিরে দীর্ঘশ্বাস পড়ে। আশেপাশের পরিবর্তনও লক্ষ করলেন। গ্রামের রাস্তায় রিকশা চলে। ছেলেবেলায় পূবপাড়ায় যেতে হত নৌকায়।
মোল্লা স্যার বাড়িতেই ছিলেন। সত্তরের মতো বয়স। রবীন্দ্রনাথের মতন পাকা চুল-দাড়ি। শামসুল ইসলাম কে দেখে বৃদ্ধ খুশি হলেন। শামসুল ইসলামের মুখে দাড়ি দেখেও সন্তুষ্ট হলেন। খনখনে কন্ঠে জিজ্ঞেস করলেন, টুপি কই মিঞা?
শামসুল ইসলাম চুপ করে রইলেন।
মোল্লা স্যার বললেন, শুনলাম, তুমি নাকি বাপদাদার ভিটামাটি বিক্রি করতে দেশে আইছ?
হ।
বাপদাদার ভিটামাটি বিক্রি কইরা দিবা? তাগো আত্মায় কষ্ট পাইব না? বৃদ্ধর কন্ঠস্বরে আক্ষেপ।
যারা মইরা গেছে তাগো আবার দুঃখকষ্ট কি? বলে শামসুল ইসলাম সিগারেট ধরাবেন কিনা ভাবলেন।
আসতাগফিরুল্লা। বলে বৃদ্ধ ‘সোনাচান’, ‘সোনাচান’ বলে চেঁচিয়ে উঠলেন।
শামসুল ইসলাম চমকে উঠলেন। আম্বিয়া খাতুনের হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা ছেলের নামও তো সোনাচান । গেঞ্জি আর হাফপ্যান্ট পরা একটি দশ-এগারো বছরের শ্যামলামতন ছেলে এল। বৃদ্ধ বললেন, আমার মেয়ের ঘরের নাতিন। চাঁদপুরে থাকে। বেড়াইতে আইছে। তোমার ইসলাম মামারে সালাম কর সোনাচান । কর, সালাম কর।
ছেলেটি লজ্জ্বা পেয়ে সরে যায়।
শামসুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন সোনাচানের বয়েসে তিনি এ গ্রামেই ছিলেন: সংশয়বাদী হয়ে বেড়ে উঠছিলেন। এই ছেলেও কি সংশয়বাদী হয়ে ওঠার সম্ভাবনা আছে?
নাহ্, বৃদ্ধের কাছে বেশিক্ষণ বসা গেল না। খালি নামাজ-কালামের কথা বলে। তবে তিনি উপযুক্ত দামেই শামসুল ইসলামের বাপদাদার ভিটেমাটি কিনে নেবেন বলে জানালেন। ছেলেরা সব মধ্যপ্রাচ্যে চাকরি করে। শেষ বয়েসে জমি কেনার নেশায় পেয়ে বসেছে বুড়োর।
শ্রাবণ দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে শামসুল ইসলাম বাড়ি ফিরে এলেন। ফেরার পথে খাল পাড়ের ঘাটে কতগুলি নৌকা দেখলেন। তখনই ভয়ঙ্কর চিন্তাটা মাথায় এল। তিনি কেঁপে উঠলেন।
ভীষণ অস্থির বোধ করছেন। মোল্লা স্যারের মানসিক পরিবর্তন তাকে আরও বেশি নিঃসঙ্গ করে দেয়। মোল্লা স্যার সংশয়ী ছিলেন, এখন কেমন বিশ্বাসী বনে গেছেন। তা ছাড়া স্যারের অর্থনৈতিক অবস্থা ফিরেছে। পুবপাড়ার মোল্লাবাড়িই তো এখন বিষ্ণুপুরের সবচে ধন্যাঢ্য পরিবার।

৪

রাতে ঘুম আসছিল না । ঘর থেকে বেরিয়ে আবছা অন্ধকারে তিনি খাল পাড়ের ঘাটের কাছে চলে এলেন। আবছা অন্ধকারে নৌকাগুলি স্থির হয়ে আছে। একটায় নৌকায় উঠে দাঁড়িয়ে লগি তুলে নিলেন। ছেলেবেলায় নৌকা বেয়ে কই কই চলে যেতেন ... তখনও বিষ্ণুপুরের বাধটা তৈরি হয়নি ...গ্রামগুলি সব পানির ভিতর দ্বীপের মতন জেগে থাকত। না, এই বয়েসেও তিনি নৌকা বাওয়াও ভুলে যাননি। বাতাসে পচা পাট আর কচুরিপানার গন্ধ। শ্রাবণের রাতের আকাশে মেঘ জমতে শুরু করেছে। বাতাস শীতল। দূরে শিয়াল ডাকছিল। খালের পাড়ের গাবগাছে রাতচরা পাখির ডানা ঝাপটানি। এসবই অর্থহীন?
আর, খালপাড়ের অন্ধকারে ভেসে ওঠে আফরোজার মুখ ।
খালের শেষে বড় নদীর মুখ: লগি আর ঠাই পায় না। লগিটা রেখে গলুয়ে বসে পড়লেন তিনি।
হাতে বৈঠা তুলে নিলেন । আকাশে মেঘ থাকায় নদীর চারপাশ অন্ধকার হয়েছিল: কেবলি আঁষটে গন্ধ আর উথালপাতাল ঠান্ডা বাতাস । অল্প অল্প করে বৃষ্টিও পড়তে শুরু করেছে।
তখন থেকে মাথাটা অল্প অল্প টলছিল তার । বৈঠা ফেলে উঠে দাঁড়ালেন। নৌকা টলে উঠল। নৌকার কিনারে দাঁড়িয়ে নৌকাটি উলটিয়ে দিলেন ...

৫

তারপর চোখ খুলে শামসুল ইসলাম দেখেন রাতের আকাশের বিশাল বিস্তার। আকাশে অনেক তারা, অনেক অনেক ঝিকমিকে তারা। নদীর উথালপাথাল বাতাস। আঁষটে গন্ধ। শরীর ভেজা। নদীর পাড়ের কাদায় পড়ে আছেন। আবছা আলোয় দেখেন উঁচু পাড়।
মনে পড়ল তার-তখন অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল। এখন আর বৃষ্টি নেই। শ্রাবণের রাতের আকশটি মেঘশূন্য ।শামসুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে আবার আকাশের দিকে তাকালেন। আকাশে ঝিকমিকে তারা। অজস্র ঝিকমিকে তারা। আর, সেসব তারাদের মাঝখানে আফরোজার মুখ ...

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×