বন্ধুগণ রচিত হচ্ছে যত্তসব আকামের কবিতা। সে গুলোই এখানে আমি ধীরে ধীরে প্রকাশ করবো, অনেকাংশে উন্মোচিত হবার আশায়। কিন্তু ওহে পথিকবর দয়া করে ভালো-লাগা, খারাপ লাগা এখানে লিখে দিয়ে গেলে কৃতজ্ঞ থাকিবো?
অভিনেতা
গায়ের পথে, এক ক্লান্ত হাঁটুরে, তার গলার চেইনের লকেট খুলে
নক্ষত্রের গতিবিধি জানালো।
আরো জানালো, ১ কেজী কৈ মাছের দামের সাথে
কতটুকো যুদ্ধ প্রস্তুতি এবং রক্ত ক্ষয়ের
সম্ভাবনা রচিত থাকে?
ফলত তাকে আমার এক দার্শনিক চোরাকারবারী মনে হয়
যে নাকি প্রায়শই সীমান্ত পাড়ি দিয়ে, সাইকেল যাত্রায়
পাচারকালে
বলেছিল, অদূরে খেজুর পাতায়, স্বর্ণাভ কলম এবং হরফের মায়ায়
যে নির্দেশ লেখা ছিল, আমি তার
অভিনেতা কেবল
ছেলেটা
শহরের বাস কাউন্টার থেকে দূর গ্রামের টিকিট কেটেও
যে ছেলেটা হারিয়ে গেল, আমি তাকে দেখেছি, খাদের গভীরে
শাদা_গাছপাতা বিছিয়ে, সেকানে অন্তর্জগত এবং শূন্যতার প্রতিবেদন
লিখে চলেছে। ফলে কাঁচা বাদাম চিবুতে চিবুতে, তাকে বললাম, ভাই?
সে হাসল, আর সে হাসিতে বিষণ্নতা।
বিষণ্নতা মানে আগামী স্লোগান ও রাংতা উজ্জবল মিছিলের
মায়াময় ইশারা?
বলি সবার আগে, সিনেমা নায়কের মত নিমগাছ থেকে
প্রেমপত্র এবং সুস্বাদু ফল তুলে নিতে শেখো
আরো শেখো, ট্রাক-যাত্রীর পকেটেই
কোন জাদুবলে
জমা থাকে মহাশূণ্যের ম্যাপ, রকেটের গতিজনিত জটিল-গণিত?
বলি টি-স্টলে যে গতকাল আয়ু বিক্রি হল,
চায়ের বদলে, তা জেনেই কি তুমি, মুচকি হেসে,
ধূলির প্রচ্ছদে সাহসের নাম লিখেছো বিষণ্নতা?
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


