খেপলা জাল হাতে সারি সারি লোক
খালে বিলে পশুরে।কত কত মাছ।
সুন্দরী গরান গেউয়া সুন্দর গোলগাছ।
সাবধানে ফেলো জাল-
জলের মধ্যিখানে গাছের শেকড়
প্রত্নতত্ত্ব না পড়েও জানি- অতীত সুন্দরবন।
মৎস্য মারিব খাইব সুখে- সবচেয়ে প্রিয় গান।
দিনে দিনে রাস্তাঘাট,
বাজার হাট,
ব্রীজ বন্দর রোজ রোজ।
দিনে দিনে আমরাও পেয়ে যাই
জাহাজের খোঁজ।
এরপর গীর্জেঘর
এরপর ফাদারের ইশকুল-
জায়গা জমি, বাড়ি ঘর, কম্বল, গুড়োদুধ।
পিতা পুত্র পবিত্র আত্মা
বিদেশি ওষুধ।
তবু প্রপিতামহের নাম মনে রাখি
মাছের লোভ বড় হয়ে ওঠে
অগত্যা-
হাতে জাল, মাছ ধরি, মাছ মারি, মাছ খাই- কাইনমারী
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


