লোকটা তার এ্যাচিভমেন্টের কথা ফোন করে করে বলতেই
উদ্ভাসিত হয়ে উঠলো অনেকগুলো মুখ।
সেই মুখ ভিজুয়ালাইজ করে যত তেল জমে উঠলো তার মুখে ও বুকের একইঞ্চি ভেতরে
বোঝা যায় আগামি পুরোটা বছর ভোজ্য তেল না কিনলেও চলবে তার।
এদিকে আগের মতোই রাত্রি নিঝুম না হতেই কাজের মেয়েটার মুখ রাত্রিময়
এ্যাচিভমেন্ট প্রসঙ্গে তাতে কোনো আলো জ্বলতে পারে না।
এ্যাচিভমেন্টের প্রসঙ্গটা বুঝলো না আর-একজন
একটা অতি মূর্খ অশিক্ষিত রিকশাওয়লা
অত্যন্ত সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করার পর যে-ভাড়াটা দাঁড়ালো
তা তার চাহিদার চে মাত্র একটাকা কম হলো বলে
আর এই নিয়ে তর্ক করতে করতে তার সভ্যতা বিবর্জিত ও বেয়াদবিমূলক কথার বিনিময়ে মাত্র তিনটা চড় দেয়ায়
বেয়াদবটা আকাশের দিকে হাত তুলে বলতে লাগলো
আল্লা দেইখ্যা নিবো
আল্লা দেইখ্যা নিবো...
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




