সব নক্ষত্রের মাঝে যদিও আমার ম্লান ধূসর ছায়া খুঁজে পাইনা তথাপি আমি তোমায় দিয়েছিলেম আমার তারাদের হাসি। কখন, কোথায় আর কিভাবে যে আমি স্নিগ্ধ আঁচল পেতে চেয়ে থাকতাম আজ আর খুব একটা মনে নেই। তবে আমি জানতাম যে যা কিছু আমার মাঝে আসছে আবার তাদের মত করেই হারিয়ে যাচ্ছে সেসব অযাচিত নক্ষত্রের খোঁজে কখনো পিছু ফিরে তাকাই নি। তবুও খুব সত্য যে আমি কখনোই তোমায় চাই নি; চেতন অথবা অবচেতন মনে।
যখন মেতে উঠতাম বিদগ্ধ আত্মায় স্নানের তরে, তখনো আমি ভাবিনি তুমি তার হবে কেউ কিংবা আড়ালে দাঁড়িয়ে থাকা ধূলোয় জমা স্মৃতির ধূসর। কখন যে কি হয়ে যায়; আসলে কি জান, আমাদের পাড়ায় গলিত শ্বাসেরা বয়ে বেড়ায় অজানা দীর্ঘশ্বাসের অনাকাংখিত ফসল। তবুও আমরা ভাল থাকি, আমাদের বিবেচনা থাকে সুচতুর।
কোন জোৎস্নায়, যে তুমি আমায় কখনো ডাকনি তথাপি যে গভীর জলধারা বইয়ে দিয়েছ আমার স্নানাগারে; যেখানে অজস্র নোনাপানিরা দিনরাত খেলাকরে-খেলাকরে।
কখনো আমায় কেউ জানতে চায় নি কেন আমার স্তব্ধ হয়ে বসে দেখা- জলের ভেতর জলের নড়ন কিংবা আমিই কখনো বুঝতে দেইনি।
অনেক ভেবে ভেবে কোন অলীক ভোরের সন্ধান পাই নি, যে ভোরে তোমায় আবার নতুন একটি রজনীগন্ধায় ছুঁয়ে দিব। কিন্তু দেখ- এই আমার হাতে জোৎস্না মাখা রাত অনেক। তার একটিও তোমায় দেব। আর সব করে নেবে তুমি। তুমি করে নেবে আমার সবকিছু।
আমি-আমরা
ভালথেকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



