ফিরে এসো পাখি হয়ে
কখনো বুলবুলি হয়ে গাছের মগ ডালে বসে আমায় ডেকো,
জানালা পেরিয়ে বারান্দার বাইরে দৃষ্টি ফেলে তোমায় আমি দেখব।
অথবা চড়ুই হয়ে এসো,
তোমার লাগানো রসিতে এসে বস, একটু জিরিয়ো।
বা, কটকটা দুপুরে শালিক হয়ে এসো,
বারান্দার দেয়ালে দু দন্ড বসে যেয়ো,
এসে আমায় না দেখলে একটু ডাক দিও, দেখা করো।
লিলুয়া বাতাস হয়ে এসো তুমি,
খুব অশান্তিতে একটু শান্তির পরশ দিও।
অথবা মন খারাপের সময়ে সাদা মেঘের মাঝে
তোমার প্রিয় ছাই রঙ্গা
একটুকরো মেঘ হয়ে ফিরে এসো,
আমি দেখে বুঝে নিব এটা তুমিই এসেছো
আমার জন্যে।
শুধু বৃষ্টি হয়ে ঝরে পড়ো না।
ফুল হয়ে এসো তুমি,
সকালে পুরো গাছে শুধু একটি
বেলি ফুল হয়ে হাসি ফুটিয়ো আমার।
বা বিকেলে কেয়া হয়ে ঘ্রাণ দিও,
কাজ করতে করতে যখন আমি ক্লান্ত হব,
কেয়ার ঘ্রাণ এ বুঝে নিব তুমি এসেছো।
তাও না হলে সন্ধ্যা মালতি হয়ে ফুটে থেকো সারারাত,
আমি একা রাত জেগে কাজ করবো
তবুও তুমি সাথে আছো ভেবে ভয় পাবো না।
কখনো আমায় এসে না পেলে জানালায় লাগানো উইন্ড চাইম টা নেড়ে দিও।
তার টুংটাং শব্দে আমি জানব তুমি এসেছো।
ফিরে এসো, যখন তোমার ইচ্ছে হয় বাবা, তুমি এসো।
যে ভাবে ইচ্ছে, যেই রূপে ইচ্ছে তুমি ফিরে এসো।
তবুও এসো....
আমি তোমার ফিরে আসবার আশাতেই থাকব বাবা।
.......................................................
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




