
"আমার ব্লগ" নামে একটা বাংলা ব্লগ ছিলো, এক সময় সেই ব্লগে অনেক ব্লগার ছিলেন; আজকে সকালে গুগলে "আমার ব্লগ" খুঁজে পেলাম না, সেই নামে একটা ফেইসবুক পেইজ আসলো; হয়তো, এখনো আছে, কোন কারণে আমি খুঁজে পাইনি। সেই ব্লগে আমি ৩ বছরের বেশী সময় ব্লগিং করেছিলাম; মনে হয়, ব্লগটা এখন নেই, কিংবা নিস্প্রাণ হয়ে গেছে। অনেক ব্লগারের কথা মনে আছে; এর মাঝে "রাজিব নুর"এর একটা সিরিজ আমাকে আকর্ষণ করতো, "বরীন্দ্রনাথের বিকল্প নেই"।
একজন মুক্তিযোদ্ধা ব্লগারকে অনুসরণ করে আমি সেই ব্লগে গিয়েছিলাম; উনার নিক ছিলো "ভুমিহীন জমিদার", উনি ব্লগের মালিক থেকে শুরু করে, এডমিন, কিছু সিনিয়র ব্লগারসহ অনেককে ব্যক্তিগতভাবে চিনতেন; মালিক ও এডমিনদের ঘিরে একটা বড় গ্রুপ ছিলো, এরা বিবিধভাবে ব্লগের মালিকের সাথে যুক্ত ছিলো। ব্লগের মালিক, এডমিনরা ও ঐ গ্রুপটা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন; ব্লগে আওয়ামী লীগ সমর্থক ও আওয়ামী বিরোধীদের ক্যাচাল লেগেই থাকতো।
শুরুতেই আমি ২ পক্ষেরই চক্ষুশুল হয়ে গেলাম। এতে আমার অসুবিধা হচ্ছিল না; "ভুমিহীন জমিদার" জানতেন যে, আওয়ামী বিরোধীদের সাথে আমার মিল নেই; মালিক পক্ষ জানতেন যে, আমি "ভুমিহীন জমিদার"এর পরিচিত মানুষ; তারা উনার কাছে আমার বিপক্ষে নালিশ করতেন, ও সুযোগ পেলে আমাকে ব্যান করে দিতেন; তখন "ভুমিহীন জমিদার" আমাকে রক্ষা করতেন, আর উপদেশ দিতেন। ব্লগার অমি রহমান পিয়াল, আরিফ জেবোতিক, চোর, বেলের কাঁটা, ইফতেখার মোহাম্মদ ও আরো কিছু ব্লগার ব্লগের পক্ষে থেকে অন্য ব্লগারদের জীবনটাকে বেশ কষ্টকর করে তুলতেন; মনে হয়, এদের কারণেই ব্লগাটা শেষ অবধি ভালো করতে পারেনি।
ব্লগের মালিকানার সাথে জড়িত গ্রুপটা একটা ভয়ানক কাজ করে বেড়াতো: যখনই কোন কারণে কোন ব্লগার নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেন, এই গ্রুপটি ব্লগারটাকে চেপে ধরতো, ব্লগারকে প্রমাণ করতে হবে যে, তিনি মুক্তিযোদ্ধা। তাদের ব্যবহারে মনে হতো যে, তারা যেন বাংলাদেশ সরকারের নিযুক্ত লোকজন, মুক্তিযোদ্ধাদের যাচাই করার দায়িত্বে আছে তারা। আমাকে সেই ঝামেলায় পড়তে হয়নি; কিন্তু অন্য ব্লগারদের সাহায্য করতে গিয়ে, বেশ সমস্যায় ছিলাম।
কোন ব্লগার, ব্লগে নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিলে, আমি উনাকে যথাযথ সন্মান জানাতাম; ঐ গ্রুপটি ইহা পছন্দ করতো না; তাদের মাঝে একজন সিলেটি ছেলে ছিলো, পারিবারিক ব্যবসার সাথে জড়িত ছিলো, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো; সে একদিন আমাকে এক ধরণের হুমকি দিয়ে জানতে চাইল যে, আমি যেসব ব্লগারকে মুক্তিযোদ্ধা হিসেবে সন্মান জানিয়ে মন্তব্য করি, আমি তাদেরকে জানি কিনা? আমি অবশ্যই এঁদের (মুক্তিযোদ্ধাদের) কাউকেই চিনতাম না। আমি জানালাম যে, আমি এঁদেরকে ব্যক্তিগতভাবে চিনি না; কোন ব্লগার নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিলে, আমি আমার অনুভুতি প্রকাশ করে থাকি; মালিকানার পুরো গ্রুপ আমার বিপক্ষে লেগে গেলো, এবং আমাকে বুঝতে চাইলো যে, অনেক "ভুয়া মুক্তিযোদ্ধা" আছে, আমি যেন জেনে শুনে সন্মান জানাই। আমি তাদের বুঝাতে চাইলাম যে, কে ভুয়া, আর কে আসল, সেটা বের করা আমার দায়িত্ব নয়, এবং তাদেরও দায়িত্ব নয়।
এই ঘটনার পর, তারা ক্রমেই আমার উপর চড়াও হওয়ার শুরু করলো। যিনি নিজকে আসল মালিক বলে পরিচয় দিতেন, তিনি লন্ডনেও ব্যবসা করতেন। লন্ডনে আমার যাওয়া আসা ছিলো; তিনি কারো মাধ্যমে আমাকে চিনতেন। তিনি নিজেই কয়েকবার আমাকে বললেন, আমি যেন উনার গ্রুপটির সাথে মিলেমিশে চলি; আমি বরাবরের মতোই জানালাম যে, আমি মিলেমিশে থাকতে পছন্দ করি। কিন্তু গ্রুপটি অপ্রয়োজনীয় কাজ করে বেড়াতো; ফলে, আমাদের মাঝে কোনদিন সম্পর্ক গড়ে উঠেনি। এক সময় তারা সবাই আমার বিপক্ষে লেগে গেলো, "ভুমিহীন জমিদার"ও ওদেরকে থামাতে পারলো না; আমাকে ব্যানের মাঝেই আটকায়ে রাখলো।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




