
মানুষকে ভালোবেসে আকণ্ঠ
ডুবে রইলাম চোরাবালি'তে,
অথচ এই আমাকে রাতের আঁধার
যখনই গ্রাস করে নিয়ে যায় কষ্টের ভুবনে
ফেলে দেবার তুমুল ইচ্ছেয়,
তাকিয়ে দেখি আমি-একটা হাতও
অবশিষ্ট নেই আমায় বাঁচাবে বলে;
নগ্ন ল্যাম্পপোস্ট এর নিচে কতক
নেড়ি কুত্তা- তার ঠিক কিছুটা দূরেই
নৈশ প্রহরী দাঁড়িয়ে- রাক্ষুসে সময়ের
বিস্তর ফারাক সরাতে ব্যস্ত দু'হাতে।
কেউ নেই জেগে- নিশ্চল পা দুটো
অবসন্ন শরীরের একমাত্র সহায়,
এ ঘর-ও ঘর ঘুরে অবশেষে ফিরে
আসি এক চিলতে বারান্দার কোণে;
হাতে সিরামিকের চায়ের কাপ-
এই রাতে পাশে থাকার কথা ছিল
দুঃসময়ে যাকে ভালোবেসেছিলাম,
সে ঘুমায় নিশ্চিন্তে বিবাগী স্বপ্নের
মেদহীন এলাচের বনে মাথা রেখে;
মানুষকে ভালোবেসেছিলাম বলেই
ডায়েরী'র পাতায় আঁকিবুঁকি করেও
একটা কবিতা লিখতে পারিনি মোটে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


