জিনিসপত্রের দাম বাড়ার জন্য মুনাফাখোরদের দায়ী করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না স্বীকার করে তিনি বলেন : সিন্ডিকেট ভাঙতে ভোক্তাদেরই সতর্ক হতে হবে। আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আয়োজিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং কালোবাজারি বন্ধের বিষয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন : বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। কিন্তু খুচরা ও পাইকারি বিক্রেতারা হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এ জন্য ভোক্তাদের সচেতন হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন : রোজায় ২/১টি জিনিসের দাম বাড়ে, এটি নতুন কিছু নয়। কিন্তু গণমাধ্যম এটি বেশি করে প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।
অর্থমন্ত্রী বলেন : টিসিবিকে সরকার যেভাবে পরিচালনা করতে চেয়েছিল, সেভাবে পারা যায়নি। তবে টিসিবি কার্যকর করতে পারাটা ইতিবাচক ঘটনা।
কয়েকদিনের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




