আমি আসবোনা জেনে কত রাত কেঁদেছো তুমি,
পূর্ণচন্দ্রকে সাক্ষী রেখে কত অভিশাপ দিয়েছো আমায়,
তবুও আত্মাকে কষ্ট দিয়ে আত্মস্হ করেছিলে আমার সব কবিতা ।
তারপরও আসিনি আমি,
ছুটে বেরিয়েছি স্বর্ণকমলের খোঁজে দুর্গমতম সব সরোবর,
পাতালপুরীতে গিয়ে শত্রুতা করেছি নাগরাজের সাথে,
অস্হির যন্ত্রণা ভুলে গিয়ে পেরিয়েছি প্রস্তরময় গিরিপথ।
অথচ কখনো বলোনি আমায়,
আমার সে আরাধ্য তুমি লুকিয়ে রেখেছো জন্ম-জন্মান্তর ধরে,
অসম্ভবের যে মন্ত্র আমি খুঁজে বেরিয়েছি প্রাণহীন পাষাণের কাছে,
একটু হাত বাড়ালে তা তোমাতেই পেতাম।
আমার পতনের সাক্ষী ছিলে তুমি,
হতে পারোনি তার অংশীদার ।।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


