
মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে বাতাসে সওয়ার হয়ে আসে
চোখে শঙ্খচিলের মতোন উড়ন্ত ভাষা
ভাষায় চটকাচ্ছে আহত হওয়ারা
আমি চিনে ফেলেছি আমার অভিমান
এত এত , অজস্র অভিমানের ভিড়ে
কিরুপ উড়ন্ত আকাশে স্বপ্নীল পাখি হয়ে ঝাপটায়!
একটা এসরাজ বিকেল
একটা এসরাজ বিকেল
প্রচলিত রং থেকে আলাদা
কিছু তার কফি রঙের——ফুরফুরে উড়ন্ত কথামালা
হারমোনিয়ামে ধেয়ে আসে গোধূলি লগ্নের গান
একটা এসরাজ, বিবেকহীনভাবে টান ধরেছে
আমার কলিজার আকাশে তুমুল ঝড় তুলেছে
লটের নীল নিয়ে দৌড়াচ্ছে কাকতাড়ুয়া
গোধূলি চিড়ে চলন্ত সিঁড়ি উঠে যাচ্ছে হাওয়াদের দেশে
আমাদের গান নেই কোথাও
সুরগুলো গলা থেকে খসে খসে পড়ছে
আমাদের তেমন কোন গোধূলি নেই
আমরা ঘুমের বিকেলে, জাগ্রত পাখি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
