‘লালন ফকিরের চরিত্রে অভিনয় আমার জীবনের সেরা প্রাপ্তি।’ বলেছেন প্রসেনজিৎ। ভারতের গোয়ায় ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই বললেন তিনি। মনের মানুষ ছবিতে লালন ফকিরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। গতকাল শুক্রবার বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে ছবিটি।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মনের মানুষ ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। গোয়া উৎসবে মনের মানুষ পেয়েছে সেরা ছবির সম্মান।
প্রসেনজিৎ বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসটি পড়ে মুগ্ধ হয়েছিলাম। তারপর লোকেশনে গিয়ে যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম, তখন আমার চোখ ভিজে গিয়েছিল।’
প্রসেনজিৎ আরও বলেন, ‘চরিত্রটিতে অভিনয়ের জন্য আমাকে অনেক সাধনা করতে হয়েছে। চুল-দাড়ি বড় করেছি। কয়েক মাস কঠিন সাধনা করে লালনের মতো তৈরি হয়েছি। ওই সময়টাতে এই জাগতিক সংসার থেকে নিজেকে সরিয়েই রেখেছিলাম। বাংলাদেশে কুষ্টিয়ায় শুটিংয়ে শটের বাইরেও কলাপাতা আর কাঁসার থালায় খাবার খেয়েছি। সব সময় আলখেল্লা পরে মাটিতে শুয়েছি। শুধু স্বপ্ন ছিল, আমাকে তৈরি হতে হবে। জানিনা পেরেছি কি না?’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


