যুক্তরাষ্ট্রভিত্তিক সমাজসেবী সংগঠন ভলেন্টিয়ারস অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভ্যাব)-নিউজার্সি এবং বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডি-নেট) যৌথ উদ্যোগে সোমবার হবিগঞ্জের দিনারপুর উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয় ‘রায়হান আজিজ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি স্বাক্ষরতা কেন্দ্র’ নামে একটি কম্পিউটার স্বাক্ষরতা কেন্দ্র।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক মুনির উদ্দিন প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “এই কেন্দ্র শিক্ষার্থী ও সমাজের লোকজনের কম্পিউটার স্বাক্ষরতা লাভের একটি বিরাট সুযোগ তৈরি করে দিবে।” তিনি আশা প্রকাশ করে বলেন, এ কেন্দ্র থেকে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফলাফল সহজে জানতে পারবে।
দিনারপুর উচ্চ বিদ্যালয় স্কুল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নূর উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডি.নেটের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ওয়েব পোর্টাল বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, ডি.নেটের কম্পিউটার স্বাক্ষরতা কর্মসূচির (সিএলপি) প্রকল্প সমন্বয়ক অজয় কুমার বসু, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান চেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাওছার জামাল, গ্রাফিক এসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক আহমেদ আশরাফুজ্জামান, স্কুল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাহিম মাশরুর এ সময় কম্পিউটার ও বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “গ্রামীণ জনগন সাধারনত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাই তারা জানে না প্রযুক্তি কিভাবে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগতে পারে।” জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সর্বস্তরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে শিক্ষিত প্রচুর জনবল দরকার বলেও তিনি মত প্রকাশ করেন।
সিএলপি কর্মসূচির প্রকল্প সমন্বয়ক অজয় কুমার বসু এ সময় বলেন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা দেশব্যাপী সমপ্রসারিত করা সরকারের একার পক্ষে অত্যন- কঠিন। তাই ভ্যাব-নিউজার্সি ও ডি.নেটের যৌথভাবে এ ধরনের উদ্যোগ নিয়েছে।
নিউইয়র্ক প্রবাসী আবদুল মুকিত চৌধুরী কেন্দ্রটি স্পন্সর করেন। এই কেন্দ্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বেসিক কম্পিউটার প্রোগ্রামগুলোর উপর প্রশিক্ষণ নিতে পারবে এবং কমিউনিটির লোকজন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন, চাকুরীসহ বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানতে পারবে। এ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে ভ্যাব-নিউজার্সি ও ডি.নেটের উদ্যোগে ৮৩তম কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি স্বাক্ষরতা কেন্দ্রের উদ্বোধন করা হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


