(বিষয়টি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে- ডলুপুত্র)
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট খোলা চিঠি
শ্রদ্ধেয় দেশনেত্রী,
গত ১২ অক্টোবর ২০০৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী ডিসেম্বরেই বিএনপির কাউন্সিল হবে বলে দ্ব্যার্থহীন ভাষায় ঘোষণা দেন। তিনি শুধু আমার নেত্রী নন, তিনি এদেশের কোটি কোটি জাতীয়তাবাদী মানুষের একচ্ছত্র নেত্রী। আমিসহ সকল এই মানুষ নেত্রীর বক্তব্যকে বেদবাক্য হিসেবে মেনে নেয় এবং সকল কর্মকান্ড ও কর্মসূচীতে সর্বোচ্চ অগ্রাধীকার প্রদান করে। কিন্তু যখন নেত্রীর বক্তব্য বা কার্যক্রম ব্যর্থ হয় তখন সে ব্যর্থতা বা মন্তব্যের বিরুপ প্রতিক্রিয়া পড়ে সারা জাতির উপরে এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদ বিশ্বাসী কোটি কোটি মানুষগুলোর উপর। এই কোটি কোটি মানুষগুলো বিশ্বাস করে বেগম খালেদা জিয়া ছাড়া তাদের কোন নেতা নাই, নেতা থাকতে পারেনা এবং তার জীবদ্দশায় কোন নেতা হবেনা। নেত্রীর ব্যার্থতায় কষ্ট পায় অগণিত লক্ষ কোটি জাতীয়তাবাদী ভাবধারার মানুষ।
গত নির্বাচনের পূর্বেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বলে একটি আদেশ জারি করে গিয়েছিল গত তত্ত্বাবধায়ক সরকার। সে অধ্যাদেশ তৈরী করার পূর্বে নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়ার অনুসারী ও তার মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনসহ কোন নেতাকে আলোচনায় আহ্বান জানায় নাই। পক্ষান্তরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধচারী বিএনপির সংস্কারবাদী বলে পরিচিত কতিপয় নেতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন কমিশনের প্রধানের আমন্ত্রণে সেই মিটিংয়ে অংশগ্রহণ করে তাদের মতামত নিয়ে আসছিলেন। যদিও দেশনেত্রী ১২ অক্টোবরের বক্তব্যে আগামী কাউন্সিলে দলের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু তিনি ইতিমধ্যেই যারা দলের সংগে বেঈমানী করে দলের মূল অংশকে বাদ দিয়ে এবং জনগণের প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন কমিশনের সভায় যোগদান করেছিলেন তাদের সবাইকে তিনি ইতিমধ্যেই খুব ভালোভাবে মূল্যায়ন করিয়াছেন এবং তার এই পদক্ষেপ দলের অনেক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও কষ্টের সৃষ্টি হইলেও নেত্রীর প্রতি আস্থা হিসেবে তারা চোখের জলে মেনে নিয়েছে। যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বেগম খালেদা জিয়ার বিএনপির কোন ভূমিকা ছিলনা তারপরও দেশ ও জাতির স্বার্থে নির্বাচনের ৬ মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করবে এই মর্মে নির্বাচন কমিশনের নিকট মুছলেকা দিয়ে অত্যন্ত অগোছালো, অপরিকল্পিত ও সর্বোপরি বোকার মতো তত্ত্বাবধায়ক সরকারের নীল নকশা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করে দলের চরম ভরাডুবি ডেকে আনে। এই চরম ভরাডুবির জন্য যদিও একমাত্র দলের নেত্রীই দায়ী তবুও নেত্রীর প্রতি সবার অকৃত্রিম আস্থা ও বিশ্বাসের কারণে আজ পর্যন্ত কেউ একটি টু-শব্দও করেনি।
নির্বাচন হয়ে গেছে এবং সে নির্বাচনে সমঝোতা ও পরিকল্পনা মোতাবেক বিএনপির ভরাডুবি হয়েছে। স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা ছিল বিএনপি ঘুরে দাড়াবে এবং ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে বিএনপিকে নতুন পূর্ণাঙ্গরূপে পূনঃগঠন করে একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে জাতির সামনে দাঁড় করাবে এবং আগামী নির্বাচনে জয়ের জন্য জনগণের সামনে নতুন প্রত্যাশার সৃষ্টি করবে। কিন্তু আবারও দুঃখ বেদনার সঙ্গে বলতে হচ্ছে নেত্রীর চরম গাফিলতি, স্বক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করায় চরম অবহেলা এবং দলের একচ্ছত্র নের্তৃত্ব ধরে রাখতে ব্যর্থতার জন্য নির্দিষ্ট ৬ মাসের মধ্যে দলের কাউন্সিল করা সম্ভব হয় নাই। এই ব্যর্থতা ঢাকার জন্য সকল লজ্জা শরম ত্যাগ করে সম্মেলন করার জন্য আরও ৬ মাস সময় চেয়ে এমন সময় নির্বাচন কমিশনের কাছে সময় চাইলেন যখন নির্বাচন কমিশনের সময় বাড়ানোর কোন এখতিয়ার থাকলো না। কারণ, উক্ত অধ্যাদেশটি ইতিমধ্যেই আইনে পরিণত হইয়া গিয়াছে এবং এর যে কোন সংশোধন একমাত্র সংসদই করতে পারে অথচ সংসদ অধিবেশন চলাকালে বিএনপি সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে চরম এবং হাস্যকরভাবে ব্যর্থ হয়। স্বাভাবিকভাবেই এ সুযোগ বিএনপির প্রতিপক্ষ আওয়ামীলীগ সরকার গ্রহণ করে এবং শর্ত জুড়ে দেয় যে, কোন দল আবেদন করলে সরকার সে আইনটি সংশোধন করতে সম্মত আছে। বিএনপির অস্তিত্ত্বের প্রশ্নে বিএনপিকে অত্যন্ত লজ্জাস্করভাবে আপস করতে বাধ্য হয়।
নতুন বর্ধিত ৬ মাসের ইতিমধ্যেই সাড়ে ৩ মাস চলে গেছে এবং হাতে আছে মাত্র আড়াই মাস। সরকার খুবই কৌশলের সঙ্গে গণপ্রতিনিধিত্ব আইনটি সংশোধন করার জন্য বর্তমানে অধিবেশনরত সংসদে বিল আকারে নিয়ে এসেছেন। সরকার সুযোগ বুঝে যাতে এ আইনটি বর্ধিত করার পরে আর যেন বাড়াতে না হয় এরকম একটি অজুহাতে বিএনপিকে অস্তিত্বহীন করার এক গভীর কার্যক্রমে অত্যন্ত দক্ষতার সঙ্গে এ আইনের সংশোধনকে ব্যবহার করতে চাচ্ছে। সরকার খুবই পরিকল্পিতভাবে এ আইনের সংশোধনের সঙ্গে একটি শর্ত জুড়ে দিচ্ছে যে, ৬ মাসের সময় ১২ মাসে বৃদ্ধি করার পরে যদি কোন দল উক্ত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে প্রস্তুতকৃত দলের গঠনতন্ত্র জমা দিতে না পারে তাহলে উক্ত দলের রেজিষ্ট্রেশন বাতিল হইয়া যাইবে। সরকার এ শাস্তিমূলক শর্তটি জুড়ে দিয়েই আইনটি পাস করবে এবং এ আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির উপর প্রচন্ড চাপ পড়বে এবং ধীরে ধীরে বর্তমান বিএনপি অস্তিত্ব্হীনের দিকে আগাইয়া যাবে। আমাদের মনে রাখা উচিত আমরা এখন বিরোধী দলে এবং আমাদের প্রতিপক্ষ আমাদের চেয়ে কয়েকগুণ শক্তিশালী। এছাড়াও বিশ্ব সমাজে আমরা অনেকটা একঘরে যার ফলে আমাদের পক্ষে কথা বলা বা দুতিয়ালী করার দেশের সংখ্যা খুবই কম। এমতাবস্থায় যেনতেনভাবে সম্মেলন করে গঠনতন্ত্র জমা দিলেই বর্তমান নির্বাচন কমিশন মেনে নিবে এর কোন নিশ্চয়তা নাই। বিএনপি যখন সরকারে ছিল তখন যেভাবে সম্মেলন করে এবং সম্মেলনে কাউন্সিলরদের অনুমতি ছাড়াই অতীতে যেভাবে গঠনতন্ত্র তৈরী করেছিলেন সে পরিস্থিতি এখন আর বিএনপির নাই এবং বিএনপির সে রাজনৈতিক কৌশলও বুমেরাং হয়ে দাঁড়াবে। এখন বিএনপির সম্মেলন হবে একটি সুনির্দিষ্ট আইনের অধীনে এবং এখানে আইনের এতটুকু হেরফের হইলে যে কোন নেতা কর্মী আদালতের আশ্রয় নিয়ে নের্তৃত্বকে চ্যালেঞ্জে ছুড়ে দিবে। ইতিমধ্যেই অনেক জেলাতেই বিএনপির নের্তৃত্ব চ্যালেঞ্জের মুখোমুখি। অনেকেই নের্তৃত্বের একচ্ছত্র আধিপত্য আর মানছেনা। এমনকি তা অত্যন্ত কাছের নেতারাও তার অনেক নির্দেশ সরাসরি অমান্য ও অস্বীকার করছেন। নেত্রী যদি এখনও সাবধান না হন তাহলে আগামীতে নের্তৃত্ব অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বিষয়টি তখন আর দেলোয়ার-মোশারফ দ্বন্দ, আব্বাস-খোকা দ্বন্দ বা সংস্কারবাদী আর কুসংস্কারবাদী বা আদি বা আমদানী দ্বন্দ হিসেবে থাকবে না।
তাই বিনয়ের সঙ্গে বলছিলাম, নেত্রী কোন কিছু ঘোষণা দেওয়ার আগে অনেক বেশি ভেবেচিন্তে দেওয়া উচিত। তিনি ১২ অক্টোবর ২০০৯ এর বক্তব্যে আরও বলেছিলেন, “কিছু পাওয়ার জন্য যারা দলে আছেন কিংবা আসতে চান, তাদের দলে প্রয়োজন নাই। যারা দলকে ভালোবাসেন, আদর্শ ধারণ করেন তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে।” তাই নেত্রীকে অত্যন্ত বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই আপনার এই বক্তব্যটি কি আপনার বেলায়ও প্রযোজ্য হয় না! আজকে জাতির সামনে প্রশ্ন উঠতে পারে এই দল থেকে আপনি যদি কিছু না পান তাহলে আপনি কি করবেন!
নেত্রী ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই সম্মেলন হবে। সরকারও ঘোষণা দিয়েছে সময়মতো সম্মেলন করে গঠনতন্ত্র জমা দিতে না পারলে দলের রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যাবে। মাননীয় নেত্রী, আপনার কাছে এমন কোন আলাদীনের চেরাগ নাই যে চেরাগের ক্ষমতাবলে আগামী আড়াই মাসের মধ্যে দলের যথার্থ সম্মেলন করানো সম্ভব। এখন পর্যন্ত ১০% ইউনিয়ন পর্যায়ের কমিটিও গঠিত হয় নাই আর ৭০টি জেলা কমিটির কি অবস্থা তাতো প্রতিদিন পত্রপত্রিকার পাতা উল্টালেই তার চিত্র জলবৎ তরলং ফুটে উঠে। ৭০টি জেলায় যদি এখন থেকে সপ্তাহে দুটি করেও সম্মেলন করা হয় তাহলে জেলার সম্মেলন সমাপ্ত করতেই লাগে ৩৫ সপ্তাহ অর্থাৎ ২৪৫ দিন। অন্তত এক মাসের প্রস্তুতি নিয়ে জাতীয় সম্মেলন করতে গেলে আরোও প্রয়োজন ৩০ দিন অর্থাৎ সম্মেলন করার জন্য নূন্যতম ২৭৫ দিন। জানিনা আপনি কেন, কি উদ্দেশ্যে বা কাকে ধোকা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন হিসেবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করবেন বলে ঘোষণা দিলেন! আপনি কি এর পরিণতি ভেবে দেখেছেন? যদি ডিসেম্বরের মধ্যে সম্মেলন করতে না পারেন, যদি সরকারের নতুন আইন মোতাবেক শাস্তি ভোগ করে দলের রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যায় তাহলে এর দায় দায়িত্ব কি আপনি নেবেন?
আপনি সহ সারা জাতি জানে, আপনি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নের্তৃত্ব দেওয়ার ক্ষমতা এখনও এদেশে সৃষ্টি হয় নাই এবং আপনার জীবদ্দশায় সৃষ্টি হবে বলেও বিশ্বাস করি না এবং আপনি নিজেও বিশ্বাস করেন না। তাই অত্যন্ত বিনয়ের সঙ্গে জানতে ইচ্ছে করে আপনি কি ইচ্ছা করেই জাতীয়তাবাদী শক্তিকে তার নের্তৃত্বের শূন্যতার সুযোগটিকে জিম্মি করে আপনি ক্রমান্বয়ে দলটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন! আজকে হয়ত আপনার দাপটে বা আপনার নিজস্ব লোকদের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য মুখ ফুটে এ কথাকেও বলছে না কিন্তু সারা দেশ আপনার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠছে, সে খবর আপনার কাছে আছে কিনা জানিনা তবে প্রতিটি জেলাতেই বিএনপি আজ দ্বিধা বিভক্ত। তাই আপনার কাছে সবিনয় অনুরোধ আপনি যাদের হাতে আজ বন্দি তাদের কাছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। না হলে অতীতে বারবার আপনাকে সাবধান করার পরেও আপনি যেমন ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনের পরবর্তী প্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচাতে পারেননি, যেমন নিজেও বাঁচতে পারেননি এবং নিজের পরিবার ও দল, নেতা-নেত্রী ও কর্মীদেরকেও বাঁচাতে পারেননি ১১ জানুয়ারীর সেই দুঃস্বপ্ন থেকে। তোষামোদকারীরা আপনার চাটুকারীতা করে আপনাকে শুধু ডোবাবেই এর প্রমাণ আর কত চান? এখনও সময় আছে, আগামী ডিসেম্বরের মধ্যে আপনি সম্মেলন করাতে পারবেন না তাই এর সময় সরকারের সঙ্গে আলোচনা করে বাড়িয়ে নেন এবং আপনার চারপার্শ্বের গুলশান চক্রটিকে ভাঙ্গুন। আমি অতীতেও আপনার কাছে কিছু চাইনি, বর্তমানেও কিছু চাইনা এবং ভবিষ্যতেও কিছু চাইব না। অতীতে কখনই আমি আপনার ক্ষমতার অংশীদারী হই নাই তবে আপনার দুঃখ-কষ্টের সময় আমার সাধ্যমত আপনার পাশে এসে দাঁড়াতে চেষ্টা করেছি। আল্লাহর কাছে আমার চাওয়া আপনি আবারও ক্ষমতায় যান এবং আমি আপনার কাছ থেকে অনেক অনেক দূরে থাকব তবে যেন আপনার বিপদ আর না আসে। আমার এই বক্তব্য আপনাকে কষ্ট দিলে আমি এর জন্য ক্ষমা প্রার্থী।
বিনীত
মেজর মোঃ আখতারুজ্জামান (অবঃ)
বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষের একজন নগন্য সৈনিক
মোবাইল ঃ ০১৭১১ ৫৩৩ ৮৫৭
তারিখ ঃ অক্টোবর ১৩, ২০০৯
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



