somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মেয়ে অন্যরকম

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মেয়ে অন্যরকম। হাসলে গালে টোল পড়ে। কাঁদলে চোখের জলে মুক্তো ঝরে। মেঘের মতো ঘন কালো চুল তার। শুধু ছন্দ তুলে হাঁটতে পারে না। না না, সে পঙ্গু বা খোঁড়া নয়। মেয়েটি আর কেউ নয়; আমাদের সমাজের একজন দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে। নাম মৌরী। ছোটবেলায় সে অন্ধ ছিল না। যখন ৫ম শ্রেণীতে পড়ে তখন একটা ভুল গ্রাম্য চিকিৎসায় তার দুটো চোখই অন্ধ হয়ে যায়। তারপর বহু কষ্ট করে আজ এতদূর এসেছে। তার চলার সাথী হলো একটা সাদাছড়ি। যখন সে অন্ধ হয়ে যায় তখন থেকে সে সাদাছড়ি দিয়ে একা একা পথচলে আজ এই অবস্থায় এসেছে। মৌরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২ বছর আগে সমাজ বিজ্ঞানে মাস্টার্স পাস করে একটা এনজিওতে চাকরি করছে। ভালো বেতনের চাকরি। মৌরী ভাবে সাদাছড়ি ছাড়া সে এতদূর আসতে পারতো না। সব সময় মানুষের হাত ধরে চলতে তার ভালো লাগে না। সাদাছড়ি থাকলে একাই অনেকটা অমসৃণ পথ পাড়ি দেয়া যায়। হাতে সাদাছড়ি দেখলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় : সমস্যায় কম পড়তে হয়।

দুই. মা, অফিসের দেরি হয়ে যাচ্ছে, সাদাছড়িটা খুঁজে পাচ্ছি না। একটু কি খুঁজে দেবে? বললো মৌরী।
মা বললেন, তোর তো আজ অফিসে যাওয়া হবে না মৌরী।
কারণটা কি, জানতে পারি? কেন অফিসে যাওয়া হবে না?
কারণটা তো তোর অজানা নয়। ছেলেপক্ষ দেখতে আসবে, তাই।
মা, আবার সেই ছেলেপক্ষ! মা, তুমি তো জান, অন্ধ মেয়েদের বিয়ে হয় না। অন্ধদের নিয়ে সংসার করতে কেউ রাজি হবে না মা।
বেশি বুঝতে যাসনে মৌরী। তোর বান্ধবী মীনা; সে তো এখন ২ বাচ্চার মা। ও তো দৃষ্টি প্রতিবন্ধী, ওর বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে।

কিন্তু আমার হবে না। সবার ভাগ্যে সুখ লেখা থাকে না। আমাকে নিয়ে আর বিয়ে বিয়ে খেলা খেলো না মা। ভালো লাগে না। মা এবার মৌরীর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো, শোন মা মৌরী, জীবনটা অনেক বড়। একা একা এ জীবন পাড়ি দেয়া সম্ভব নয়। আমার বয়স হয়েছে। আমি আর কতদিন। তোর একটা ভালো ব্যবস্থা না করে দিয়ে মরলে আমি তো ওইপারে গিয়ে শান্তি পাবো না।

মৌরী এবার একটু চিন্তা করে বললো, তোমার কষ্টখানি বুঝি মা। কিন্তু কি করবো বলো, এ পর্যন্ত তো অনেক ছেলে দেখালে। কই, কোনো সুব্যবস্থা হয়েছে? বারবার সেজেগুজে অন্যের সামনে যেতে ভালো লাগে না মা। তবুও মৌরী, বিয়ে তোকে করতেই হবে। তোর যদি চোখ দুটো থাকতো তাহলে আমি এত জোর করতাম না। তোর একজন বন্ধু দরকার।

আমার বন্ধু তো আছে মা। মৃদু হেসে বললো মৌরী।
কে? মামুন?

খবরদার মা, মামুনের নাম তুমি মুখে আনবে না। ও একটা অমানুষ। আমার অন্ধত্বের কথা জানার সঙ্গে সঙ্গে ও লাইনটা কেটে দিয়েছে। আজ ৩ বছর পার হয়ে গেল, একটা দিনের জন্যও আর ফোন করলো না। মা, মানুষ কেমন করে এমন হয়! থাক মৌরী, মামুনের কথা থাক। তোর বন্ধুটা তাহলে কে?

আমার একমাত্র বন্ধু সাড়াছড়ি। এই ছড়ি ছাড়া আমি এক পাও চলতে পারি না। আমার ছড়িটা একটু খুঁজে দাও না। তুই তাহলে অফিসে যাবিই। ওরা এলে কি বলবো?
মা, কেউ আসবে না। ওরা জেনেছে তোমার মেয়ে অন্ধ। অতএব, ওটা ওই পর্যন্তই। মা, বাস্তবটা বোঝার চেষ্টা করো। ইচ্ছে করে কষ্ট ডেকে এনো না। এই ভালো আছি।
মা মুখ ভার করে বললো, আসল কথা বলিস না কেন। তুই এখনো মামুনকে ভুলতে পারছিস না।

মৌরী মায়ের হাত থেকে সাদাছড়ি কেড়ে নিয়ে অফিসে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়ের কথার কোনো উত্তর দেয় না।

তিন. মামুন মৌরীর বন্ধু ও প্রেমিক। মোবাইলে তাদের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। খুব ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে। মৌরী ভেবেছিল মামুনকে সঙ্গী হিসেবে পেলে তার অন্ধকার জীবনটা আলোয় আলোয় ভরে যাবে। তাই সে কোনো কথাই মামুনের কাছে গোপন রাখতে চায়নি। ৩ বছর আগে একটা দিনের কথা আজ মৌরীর বারবার মনে পড়ে যায়। মৌরী শুয়ে শুয়ে মামুনের সঙ্গে কথা বলছিল। হ্যালো মামুন, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে।
মোবাইলের অপর প্রান্ত থেকে মামুনের কণ্ঠস্বর ভেসে আসে, মৌরী, তোমার সঙ্গেও

আমার একটা জরুরি কথা আছে।
কি কথা মানুন?
তুমি আগে বলো, তারপর আমি বলছি।

মামুন, তুমি তো বলেছ, তুমি আমাকে ভালোবাস, বিয়ে করতে চাও। তাই আমি তোমার কাছে কোনো কিছু গোপন রাখতে চাই না। আমাদের পরবর্তী জীবনে যাতে কোনোরকম ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, তাই তোমাকে সব খুলে বলতে যাচ্ছি।

মৌরী, কোন জটিল কিছু? বলতেই হবে? না বললে চলে না? না, চলে না। মামুন, আমি একজন অন্ধ মেয়ে। আমার দুটো চোখই ভুল চিকিৎসার কারণে নষ্ট হয়ে গেছে। আমি কোনো কথা গোপন রেখে তোমার জীবনসঙ্গী হতে চাই না। মামুন, তুমি কি এবার তোমার জরুরি কথাটা বলতে চাও। মামুন, মামুন, কথা বলছো না কেন? মামুন অনেকক্ষণ আগেই মোবাইলের লাইনটা কেটে দিয়েছে, মৌরী তা টের পায়নি।

চার. সেই থেকে আজ পর্যন্ত মৌরীর আর মামুনের সঙ্গে কথা হয়নি। মৌরী অনেক চেষ্টা করেছিল মামুনের সঙ্গে যোগাযোগ করার জন্য। কিন্তু ওর ফোন বন্ধ পায়। আজ ৩ বছর পর মা কেন যে মামুনের কথা তুললো। মামুনকে তো সে ভুলেই গিয়েছিল।
মামুনকে ছাড়া সে একাই জীবন গড়তে শুরু করেছিল। কেন মা মামুনের কথা আবার তুললো? মামুনের কথা মনে হলে মৌরীর বুকটা ব্যথায় টনটন করে ওঠে। সে জীবনে একজন মানুষকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। কিন্তু সেই মানুষ তাকে বুঝলো না, দৃষ্টিপ্রতিবন্ধী জেনে তাকে ভুলে গেল। মৌরী একা একা গাঁয়ের আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটছিল আর মামুনের কথা ভাবছিল। এমন সময় হাতের মোবাইল ফোনটা বেজে উঠলো।

হ্যালো, কে বলছেন?
অপরপ্রাপ্ত থেকে মামুনের কণ্ঠস্বর ভেসে আসে, মৌরী, আমি মামুন।
মামুন, এত বছর পর কি মনে করে? মুখটা অন্ধকার করে বললো মৌরী।
ক্যামন আছ মৌরী? আমাকে খুব অমানুষ মনে হচ্ছে?

আমি ভালো আছি, কেন ফোন করেছ? তাড়াতাড়ি বলে ফেল, আমার অনেক কাজ আছে।
মৌরী, রাগ করো না। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। যে কথা ৩ বছর আগেও বলতে চেয়ে বলতে পারিনি। মৌরী বিরক্ত হয়ে বললো, ৩ বছর আগের কথা আজ আর আমার শোনার দরকার নেই মামুন। আমি লাইনটা কেটে দেবো।
আকুল কণ্ঠে বললো মামুন, শোন মৌরী, লাইনটা কেটে দিও না। আমি জানি, তুমি আমাকে ভুল বুঝে বসে আছো। আমার কথা শোন, কেন আমি সেদিন তোমার অন্ধত্বের কথা শুনে লাইনটা কেটে দিয়েছিলাম?

বলবে, তুমি আরেকজনকে ভালোবাস, অন্ধ মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। তাই লাইনটা কেটে দিয়েছো।
না, মৌরী না, তোমার ধারণা ভুল। আমি সেদিন লাইনটা কেটে দিয়েছিলাম, কারণ আমিও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলে। এবার মৌরী অবাক কণ্ঠে বললো, মামুন, এসব কি বলছো তুমি?

হ্যাঁ, মৌরী, আমিও একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে। আমি জানি, একজন অন্ধ ছেলে একজন অন্ধ মেয়ের ভালো বন্ধু, ভালো স্বামী কোনোটাই হতে পারে না।
সেদিন আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে আমাদের অন্ধকার জীবন অন্ধকারেই থেকে যেত, আমরা একে অপরের সম্পূরক হতে পারতাম না। একজন পড়ে গেলে আরেকজন হাত বাড়িয়ে দিয়ে তাকে তুলতে পারতাম না। তুমিই বলো মৌরী, আমরা কি ভালো জীবনসঙ্গী হতে পারতাম?

মৌরী কোনো কথা বলে না। মামুনের কথা শুনে সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে।
মামুন আবার বলে, হ্যালো মৌরী, কথা বলো। চুপ করে থেকো না। এখনো কি আমাকে ভুল বুঝে আছো?

মামুন, তুমি এসব কি বলছো? তুমি যে অন্ধ, সে কথা আমাকে বলনি কেন এতদিন?
তোমাকে বলিনি, তুমি কষ্ট পাবে বলে। আমার ব্যবহারে তুমি যতটা কষ্ট পেয়েছ; আমি যদি বলতাম আমিও তোমার মতো একজন অন্ধ তখন তুমি আরো অনেক বেশি কষ্ট পেতে।

আমি তোমার কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না। এতদিন পরে কেন আবার সে কথা জানাতে গেলে নতুন করে কষ্ট দেয়ার জন্য?

না, মৌরী, না, আজ আর কোনো কষ্ট নয়। আজ শুধু ভালোবাসা আর সুখের গল্প হবে।
হ্যালো মামুন, এত হেয়ালি করে কথা বলো না তো। কি বলতে এতদিন পর ফোন করেছো, দৃঢ়স্বরে বলে মৌরী।
মামুন এবার মৃদুস্বরে বললো, মৌরী, আমি কি তোমার সাদাছড়ি হতে পারি না?
মামুন, আবার হেয়ালি?

হেয়ালি না মৌরী, এবার সত্যি বলছি। শোন, আমি আজ আর অন্ধ নই। সিঙ্গাপুরে চিকিৎসা করে আমি আমার দুটো চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। আমি আজ পৃথিবীর সব আলো, সব রঙ দেখতে পারি। তাই বলছিলাম, আমি কি তোমার হাতের সাদাছড়িটা হতে পারি না? মামুনের কথা শুনে মৌরী ভীষণ অবাক হয়ে যায়। সে কি বলবে ভেবে পায় না। সে সব ভাষা হারিয়ে ফেলে।

হ্যালো মৌরী, কথা বলো। আমি কি তোমার চলার পথের সাথী হতে পারি না?
মৌরী মামুনের কথার উত্তর দিতে পারে না। খুশিতে হাউমাউ করে কেঁদে ওঠে।

নাহিদা ইয়াসমিন, দৈনিক ডেস্টিনি
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×