ধর্মীয় অনাচার নিয়ে কথা বলার মতো যথেষ্ট সাহসী আমি না। এমনকি ক্ষেত্রবিশেষে সামাজিকতা রক্ষা করতে কিংবা নিরাপদ ও ঝামেলাবিহীন জীবনের স্বার্থে (বিশ্বাস না থাকা সত্ত্বেও) ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করি। বাইরের অবয়বে নিজেকে একজন বিশ্বাসী হিসেবে উপস্থাপন করি। কেউ যদি এটাকে নিজের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা বলে চিহ্নিত করেন তবে তা মেনে নিতে আমার বিন্দুমাত্র আপত্তি বা কষ্ট নেই। কারণ সত্যকে স্বীকার করার মত খানিকটা সাহস এখনো অবশিষ্ট আছে। তবে এদেশের সামাজিক অবস্থা বিবেচনায় একজন সাধারণ মানুষ হিসেবে এ আচরণের বাইরে আমার কিইবা করার আছে?
তারপরেও ধর্মীয় অনাচার, অযৌক্তিক বাড়াবাড়ি এবং সবক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে আলোচনা করি। বলাবাহুল্য, এ আলোচনাটা নিজের সঙ্গে নিজের। আমার এ লেখাটিকেও আপনি সে পর্যায়ে ফেলতে পারেন। তবে যেহেতু এ আবেগটা বাইরে কখনই প্রকাশিত হয় না বা কাউকে এর অংশীদার করতে পারিনা তাই একটা হতাশা মনের মাঝে সবসময়ই বিরাজ করে। হতাশার মাত্রাটা আরো বৃদ্ধি পায় যখন দেখি রাষ্ট্রকে, আমাদের সরকারকে এ কাজে ধর্মবিশ্বাসে উম্মাদ জনগণকে আনন্দচিত্তে আরো প্রণোদনা দিতে। ধর্মীয় উম্মাদনা এবং এতে সরকারি প্রণোদনার সবচেয়ে দৃশ্যমান নমুনাটি দেখা যায় রমজান মাসের রোজা উপলক্ষ্যে। এ সংক্রান্ত উম্মাদনার হাজারো ক্ষেত্র বা উদাহরণ থাকলেও এ আলোচনাটা শুধুমাত্র রমজান উপলক্ষ্যে সরকারের নতুন অফিস সময়সূচীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই।
একটি অলস এবং ফাকিবাজ জাতি হিসেবে আমাদের একটা সুনাম সব সময়ই আছে। এখানে সবকিছুতেই আলসেমি এবং ফাকিবাজি। চিন্তা করা যায় এমন একটা গরীব দেশে দুদিন সরকারি ছুটি। অথচ আমাদের আশেপাশের দেশগুলোতে কিংবা অনেক উন্নত দেশেও এ নজির দেখা যাবে না। আমার ধারণা এ দুদিন বেশিরভাগ কর্মচারীরাই আলসেভাবে ঘুমিয়ে কাটান। রোজার মাসে এ ফাকিবাজি এবং আলসেমি আরো বৃদ্ধি পায়। সরকারই এক্ষেত্রে প্রণোদনা দিয়ে থাকেন। কারণ এদেশের কোন সরকারই ধর্মীয় আবেগের বাইরে যেতে চান না, যদি সেটা দেশের সার্বিক অবস্থায় নেতিবাচক প্রভাবও ফেলে।
ধর্মকে প্রণোদনা বা উৎসাহ দেবার অংশ হিসেবেই সরকার প্রতিবছর রোজার মাসে নতুন অফিসসূচী ঘোষণা করেন। অত্যাবশ্যকভাবে এ সূচীতে অফিসের সময় কমিয়ে আনা হয়। পত্রিকার মারফত জানতে পারলাম এ বছর স্বাভাবিক অবস্থার চেয়ে অফিসের সময়সূচি দেড়ঘন্টা কমানো হয়েছে। আমাদের মোট কার্যসময় হচ্ছে আটঘন্টা। আসা যাওয়ার প্রস্তুতি হিসেবে এক ঘন্টা এবং নামাজের সময় হিসেবে ১ ঘন্টা বাদ দিলে এ সময়টাতে (রমজানে) অফিসের প্রকৃত কার্যসময় থাকে সাড়ে চার ঘন্টা। অর্থাৎ মোট কার্যসময়ের অর্ধেকটাই অপচয় করা হচ্ছে। তাছাড়া রমজান উপলক্ষ্যে বাড়তি ধর্মপালনের জন্য ছুটি বা অফিস সময়েও বাড়তি ইবাদতের জন্য কর্মচারীরা নিজেদের দায়িত্বপালন হতে দুরে থাকেন। এই বাড়তি ধর্মকর্ম করতে গিয়ে কর্মচারীরা হয়তো পূণ্য অর্জন করছেন কিন্তু জনগণ অত্যাবশ্যকীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের রুটিন ও সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে ভাববার মতো অবকাশ কারো নেই। সবকিছু গোল্লায় যাক তবুও পরকালের পাথেয় অর্জন করতে হবে।
তবে সবাই আমার মতো ভীরু বা কাপুরুষ নন। সংখ্যায় অল্প হলেও অনেকে আছেন যারা এসব ধর্মীয় অনাচারের বিরুদ্ধে বলেন, সোচ্চার থাকেন। আমাদের ছোটবেলায় দেখতাম রমজানের পুরো মাস স্কুল বন্ধ থাকত। এখন কিন্তু আর তা হয় না। প্রয়োজনের তাগিদে শিক্ষক এবং অভিভাবকরা এখন স্কুল খোলা রাখছেন। ঠিক তেমনি করে আশা করা যায় সেই অল্পসংখ্যক সাহসী মানুষের কারণে নিকট ভবিষ্যতে রোজার ছুতায় কাজ ফাকি দেবার এবং জনগণকে কষ্ট দেয়ার যে প্রথাটা বর্তমানে চালু আছে তাও বন্ধ হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




