আমি গ্রামের ছেলে, তবু বৃষ্টিকে দুর থেকে দেখি।
ক্লাস নাইনের স্মৃতি:
আমার বাড়ি স্কুল থেকে একটু দুরেই ছিল তবে গ্রামের বুকচিরে বয়ে যাওয়া আধাপাকা রাস্তা দিয়ে দৌড়ে এ লম্বা দুরত্ব পার হওয়া দারুন মজার ব্যপার ছিল। পথের সঙ্গি থাকত গাছের ছায়া, ফল, ফুল আর সীমা ছাড়ান দুষ্টামি
তেমনি একদিন ঘটনা, সেদিন স্কুল ছুটি হবার মুহুর্তে ঝিরঝির বৃষ্টি পড়ছিল-
স্কুল ছুটির পর স্কুলের বারান্দায় দাড়িয়ে বৃষ্টি দেখার কোন মানেই হয় না, তাই দে দৌড়
বাড়ি পৌছাতে পৌছাতে খানিকটা ভিজেই গেলাম, (তবে বইগুলি ভিজতে দেইনি জামার মধ্যে যত্নে রাখা ছিল কারন নিজে ভিজার মাফ পেলেও বই ভেজার মাফ পাওয়া যাবেনা ভাল করেই জানা ছিল।
"হতভাগা, একটু অপেক্ষা করতে পারলিনা বৃষ্টি থামার; যা কাপড় পাল্টেনে তাড়াতাড়ি।"
অতঃপর বড়ভাই,
"আহা, এই বর্ষার সময় ছাতা নিয়ে বের হোসনি কেন? দেখ দেখি কতটা ভিজে গেছিস্।"
বাবা সামনে পড়তেই চুপসে গেলাম, চোখ লালকরে বললেন-
"ঠান্ডাটা লাগুক, বুঝবে মজাটা।"
এরই মাঝে মা ছুটে এলেন রান্নাঘর থেকে তড়িৎবেগে, তোয়ালে নিয়ে ঝাপিয়ে পড়লেন আমার মাথার উপর আর বিড়বিড় করে আওড়াতে থাকলেন,
হতচ্ছাড়া বৃষ্টি একটু থির হতে পারলিনা, আমার সোনা বাড়ি ফেরা পর্যন্ত।
একটু আগমুহুর্ত পর্যন্ত আমার সারা শরীর কাঁপছিল শীতে, কিন্তু মা-এর কথা কানে যাবা মাত্র শরীর কেঁপে উঠেছিল দমকে দমকে কান্নায়।
একই সাথে শপথ নিয়ে ছিলাম, আর কোন দিন মাকে এমন কষ্ট দিবনা বৃষ্টিতে ভিজে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


