"চল, শালা ! তোর সময় ফুরাইছে......."
লাথি খেয়ে তন্দ্রাচ্যুত হয়- কেইস নাম্বার ২০৪।
ইঁদুর দৌড়ে হেরে হেরে আজ- আত্মসমর্পন করেছে চেতনা;
যতটুকু তার অবশিষ্ট ছিল।
নির্লিপ্ত প্রত্যাশা হীন চোখের কোণে-
জমে ছিল না কোন ঘৃণার পিঁচুটি!
স্বপ্ন?!
তা বোধকরি থেকে যায় নিথর হয়ে যাবার পরও;
বিন্দু বিন্দু।
মাঝ আকাশে চাঁদ যখন আলোর গভীরতা
মেপে রাতের গহীনে প্রবেশ করছিলো;
নিস্তব্ধতা ভেঙ্গে বুটের হাতুড়ি গুলি,
নির্জনতাকে আতংকিত করে বধ্যভূমির দিকে মার্চ করে যায়।
কান্ডারী হতে চাওয়া
দিক হারানো এক বিক্ষুব্ধ অস্থিরতা;
চিরতরে শান্ত হতে, মাত্র দুটি বুলেট লেগেছিল।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



