রমজানের একটি বড় প্রাপ্তি হলো, কিছু সময়ের জন্যে হলেও আমরা অতীতে ফিরে যাই। ঐক্যের অতীত, বিজয়ের অতীত, গর্বের অতীত। পবিত্র কোরআনের যে প্রত্যয়-সুতো একদা উম্মাহকে এক সত্তায় পরিণত
করেছিল, চিন্তায়, বিশ্বাসে, স্বপ্নে, আবেদনে, কর্মে, সংগ্রামে, জীবনের সকল প্রাঙ্গনে-অন্তত তারাবীহ'র সুবাদে হলেও সেই হারানো বন্ধন খুঁজে পাই। পৃথিবীময় মুসলিম উম্মাহ প্রাগাঢ় তাজীম, মথিত আবেগে আর অফুরন্ত কাতর প্রার্থনাসহ দলে দলে ছুটে যায় আল্লাহর ঘর মসজিদে।অনাকাঙ্খিত দ্বন্দ্ব, তুচ্ছ স্বার্থের নির্লজ্জ ভাগাভাগি আর বিত্ত পদ ও রিপুর ভগমানদের পেছনে রেখে সমর্পিত হয় পরম দয়ালু মালিকের কাছে- যে সমর্পন একদা তাদেরকে অর্ধজাহানের বাদশাহ বানিয়েছিল। কাঙাল, নেতা কিংবা মাকাল দলের টানে নয় তারা একত্রিত হয় আল্লাহর রজ্জু পাক কোরআনের আকর্ষণে। রাজনৈতিক মিথ্যা অঙ্গীকার, সামাজিক অবিচার, অবহেলায়, পারিবারিক ক্ষেদ, অবিশ্বাস ও বঞ্চনার তাপে সেদ্ধ-দগ্ধ হৃদয়টাকে মেলে ধরি আমরা। পাক গ্রন্থের বর্ণে বর্ণে লালিত অনুপম রহমত,বরকত ও করুণার অশীষ ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে আমাদের হৃদয়পাতায়। অতএব আমরা রমযানের দীর্ঘ তারাবীহ সাধনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনব পাক কালাম। শোনব ইসলামই একমাত্র মনোনীত জীবন দর্শন। শোনব হক-বাতিলের কোন আপস হয় না। হয় লড়াই। এ লড়াইয়ে
হকের পক্ষে যারা আল্লাহ তাদেরকে ভালবাসেন। চোখ বুজে নির্বাক দাঁড়িয়ে থাকার এ সাধনা কী পরকাল মুক্তির মহান মানসে শাণিত, না লোক দেখাবার ভণ্ডামীমাত্র। মুমিনের জীবন তো ভণ্ডামীর কথা কল্পনা করাও মুশকিল।অবশেষ , কোরআনের মাসে পঠিত পূর্ণ কালামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস ও সমর্থন হোক আমাদের প্রার্থানা। কোরআনের আদলে আগামী প্রতিটি দিনকে গড়ে তোলার অঙ্গীকারে সমাপ্ত হোক প্রতিটি তারাবীহ। আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




