ব্যবস্থা নিলে আগে নিতে হবে ঘরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে : শেখ হাসিনা
- অমরেশ রায়
'মানসিক ভারসাম্যহীন' বলে দল ও দলীয় সভানেত্রীর বিরুদ্ধে স্পর্শকাতর বক্তব্য দেওয়ার পরও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলের বিরুদ্ধে আপাতত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে তার বিরুদ্ধে যে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আগে জলিলের বক্তব্য ও কর্মকাণ্ডের তথ্যপ্রমাণ ও আলামত সংগ্রহ এবং যথাযথভাবে তা যাচাই-বাছাই ও খতিয়ে দেখা হবে।
গতকাল দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠকে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা জলিলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জলিল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নেওয়ায় কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকস্থলে জলিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, স্লোগান এবং লিফলেট বিলি হয়েছে।
বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, 'বৈঠকে আবদুল জলিল প্রসঙ্গে অনেকেই আলোচনা করেছেন। মতামত দিয়েছেন। পরে এ বিষয়ে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
সৈয়দ আশরাফ বলেন, 'তবে জলিল সাহেব নিজেই নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় না।'
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আবদুল জলিলের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতির পদ নিয়ে সিদ্ধান্ত সংসদীয় কমিটির বৈঠকে নেওয়া হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



