গত ২ অক্টোবর প্রথম আলোর ঢাকা কার্যালয়ে আগামী ৪ নভেম্বর প্রথম আলোর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা আনুষ্ঠানিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মুহম্মদ জাফর ইকবাল সেদিন গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে কথাপ্রসংগে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের স্বাধীনতাকে মেনে নেয়নি, একাত্তর সালে তারা আলবদর গঠন করেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা নিহত হয়েছেন এই আলবদর বাহিনীর হাতে, সেই জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি জোট বেঁধেছে, সেই জামায়াতে ইসলামীকে সরকারে বসায়, তখন তাদের ব্যাপারে আমরা নিরপেক্ষতা দেখাই কী করে, এইটা যখন আমরা করি, তখন আমাদের লোকে ভাবে আমরা হয়তো একটা দলের হয়ে কথা বলছি। আসলে তা নয়, আমরা দলনিরপেক্ষই। কিন্তু যত দিন জামায়াত বিএনপির সঙ্গে আছে, তত দিন আমাদের পক্ষে বিএনপির পক্ষে থাকা সম্ভব নয়।
মুহম্মদ জাফর ইকবালকে আমি শ্রদ্ধা করি। তার কথা খুব মন দিয়ে শোনার চেষ্টা করি। উপরে তিনি যে কথা বলেছেন তা খুবই সত্য, কিন্তু পুরো বক্তব্য শোনার পর তাকে আর নিরপেক্ষ ভাবতে পারছি না। কারন তিনি নিজেই বলেছেন "...তখন তাদের (বিএনপির) ব্যাপারে আমরা নিরপেক্ষতা দেখাই কী করে..."
কাজেই বিএনপি ভাল কাজ করুক আর খারাপ কাজ করুক তিনি বিএনপিকে নিরপেক্ষ ভাবে মূল্যায়ন করবেন না। তারমানে বিএনপির ব্যাপারে তিনি অন্য একটি পক্ষ/দলের পক্ষাবলম্বন করবেন (যেহেতু তিনি নিরপেক্ষ ভাবতে পারছেন না)। তার এ কথাটাই কি পক্ষপাতমূলক নয়??? তিনি যদি নিরপেক্ষই থাকেন তাহলে বিএনপি বা আওয়ামীলীগ-- দুদলেরই দোষ-ত্রুটি, সাফল্য-ব্যর্থতা আলোচনা করতে সমস্যা কোথায়??
আবার তিনি বলেছেন, "... কিন্তু যত দিন জামায়াত বিএনপির সঙ্গে আছে, তত দিন আমাদের পক্ষে বিএনপির পক্ষে থাকা সম্ভব নয়।"
খুব ভাল কথা, তিনি বিএনপির পক্ষে না থাকুন, কিন্তু টিপাইমুখ বাঁধ, এশিয়ান হাইওয়ে, তেল-গ্যাস-সমুদ্রসীমা, দ্রব্যমূল্য, আইন-শৃংখলা-ক্রসফায়ার নিয়ে দেশে যখন জোরেশোরে আলোচনা হচ্ছে তখন তিনি নীরব কেন???
তার এই নীরব ভূমিকা আর গত ২রা অক্টোবরের বক্তব্য তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন স্বনামধন্য শিক্ষক, লেখক এবং চিন্তাবিদ। তার জ্ঞানের সীমা অপরিসীম; তারপরেও তাকে সশ্রদ্ধচিত্তে কয়েকটি কথা বলতে চাইঃ-
১। বাংলাদেশ আওয়ামীলীগও ধোয়া তুলসি পাতা নয়। কারন বর্তমান সরকারী দলেও দুজন বিতর্কিত/রাজাকার আছেন (যার একজন স্বয়ং প্রধানমন্ত্রীর আত্মীয়)
২। ১৯৯৫ সালে সংসদ থেকে পদত্যাগের করার কারনে হাসিনা ও নিজামী সহাস্যে পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করেন; এতে আওয়ামীলীগের জামাত বিরোধী অবস্থানের প্রমান পাওয়া যায় না।
৩। ১৯৮৬ সালে আওয়ামীলীগ ও জামাত এক সাথে এরশাদের অধীনে নির্বচানের অংশগ্রহণ করে। ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও আওয়ামীলীগ ও জামাত একসাথে মাঠে আন্দোলন করে।
৪। ২০০৬ সালের নির্বাচনে ফায়দা উঠানোর চিন্তা থেকে তারা ইসলামী ঐক্যজোটের মতো এক চরম ইসলামপন্থি দলের সঙ্গে চুক্তি করে। ইসলামী ঐক্যজোট ৭১ সালে হয়ত ছিল না কিন্তু তাদের কর্মকান্ড জামায়াত এর চেয়ে কোন অংশে কম নয়।
৫। শুধু তা-ই নয়, যখনই প্রয়োজন হয়েছে তখনই আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে দ্বিধাবোধ করেনি। ১৯৯৬ সালের নির্বাচনের পর সরকার গঠনের সময়েও তারা জামায়াতে ইসলামীর সহায়তা গ্রহণ করেছিল।
সূত্রঃ
দৈনিক প্রথম আলো ৬ অক্টোবর, ২০০৯ ইং
দৈনিক সমকাল, ৬ই নভেম্বর ২০০৭ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



