ঢাকায় যে মলম পার্টির দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তার প্রমান পেলাম গত কয়েক দিনে হাসপাতালে রোগী দেখে। গত তিনদিনে দুটি মলম কেসের রোগী পেলাম। তাদের একজনের সাথে বিস্তারিত আলোচনা করে যা জানতে পারলাম তা এরকমঃ
গত পরশুদিন রাত সোয়া নয়টার দিকে ব্যক্তিটি (রোগী) ঢাকা মেডিকেলের সামনে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষন অপেক্ষা করার পর ২ জন যাত্রী নিয়ে একটি সিএনজি তার সামনে এসে থামে। যাত্রী দুজনের বয়স অল্প এবং তাদের গায়ে জিনস আর টি-শার্ট ছিল। তারা জানায় তারা মহাখালি পর্যন্ত যাবে এবং তারপর ব্যক্তিটি (রোগী) সিএনজি নিয়ে তার গন্তব্য ক্যান্টনমেন্ট পর্যন্ত যেতে পারবে। অনেকক্ষন অপেক্ষা করে সিএনজি না পাওয়ার কারনে রোগী রাজি হয়ে যায় (রোগীর কথা অনুসারে)। ফার্মগেট পার হয়ে আসার পর যাত্রী দুজনের একজন রোগীর পেটে চাকু ধরে এবং চিৎকার করতে না করে। অপরজন সাথে সাথে তার দুচোখে মলম লাগিয়ে দেয়। রোগী কাতরকন্ঠে তখন তাদের কাছে তার নিজের পরিচয় দেয়। রোগী একজন সামরিক বাহিনীর কর্মকর্তা শুনে ছিনতাইকারী দুজন সাথে সাথে তার কাছে ক্ষমা চায়। এবং অতি দয়াবান হয়ে তাদের কাছে থাকা একটি পানির বোতল তার হাতে ধরিয়ে দিয়ে রোগীকে জাহাঙ্গীর গেটের কাছাকাছি অপেক্ষাকৃত নির্জন স্থানে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। যাওয়ার আগে তারা দুজন নিজেদেরকে ঢাকা ভার্সিটির ছাত্র বলে পরিচয় দেয় এবং এ ব্যাপারে থানা-পুলিশ না করার জন্য অনুরোধ করে।
রোগীকে পরীক্ষা করার পর দেখলাম খুব দক্ষ হাতে রোগীর দুচোখে ব্যথানাশক মলম (টাইগার বাম জাতীয়) লাগিয়ে দেয়া হয়েছে। রোগীর ভাগ্য হয়ত ভাল কারন তার কর্ণিয়ার কোন ক্ষতি হয়নি (Abrasion) হয়নি। তাই হলে রোগী এ জনমে তার চোখ দিয়ে দেখতে পেত কিনা সন্দেহ।
এবার আমার কয়েকটা কথাঃ
রোগীর জায়গায় সেদিন আমি বা আপনিও মলম পার্টির হাতে পড়তে পারতেন। কিংবা আগামীকাল যে পড়ব না তা কে জানে। যাইহোক এরকম অবস্থায় কেউ যদি পড়েন তাহলে মোবাইল, টাকা-পয়সা, হাতঘড়ির মায়া ত্যাগ করে ছিনতাইকারীকে দিয়ে দেয়াই ভাল। কারন মোবাইল বা টাকাপয়সার চেয়ে আল্লাহ প্রদত্ত একজোড়া চোখ অনেক মূল্যবান। আর আক্রান্ত যদি হয়েই পড়েন তাহলে যত দ্রুত সম্ভব দুইচোখে প্রচুর ঠান্ডা পানি ঢালবেন এবং দ্রুত কোন হাসপাতালে যোগাযোগ করবেন।
সবাই সাবধানে থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



