এই দ্বীপচন্দ্রপুরের মাটিতেই নগেন স্যার ঘাতকের গুলির আঘাতে লাশ হয়ে পড়ে থাকেন। আর তাঁর মেয়ে সন্ধ্যা এই দ্বীপচন্দ্রপুরেই ধর্ষিত হয়। সেই কথা বলার আগে বলা প্রয়োজন দ্বীপচন্দ্রপুরের কথা।
শঙ্খমিত্রা নদীতে কোনো এককালে হয়তো জেগেছিলো একচিলতে চর। আর সে চর হয়তো বহুদিন ছিলো গোপন, কিংবা কেউ পেয়েছিলো টের-- হয়তো সেখানে বেধেঁছিলো ঘর ঘরহীন কোনো মানুষ। কতোটুকু অতীত আর মানুষ বলতে পারে, কতোটুকু অতীতই বা মানুষের আছে জানা?
তেমনি এই শঙ্খমিত্রা নদীর চর জেগে ওঠে বাঙলার বুকে। তারপর ধীরে ধীরে সেই চর বড় হয়, শুরু হয় বসতি হয়ে যায় একটা গ্রাম। আদি নাম সাধুবাবার চর। চারদিকে তার শঙ্খমিত্রার জল। উত্তরে আর দক্ষিণে ক্ষীণ ধারায় বয়ে চলে শঙ্খমিত্রার দুইধারা। হাজারবছর বয়েসি শঙ্খমিত্রা আজ মরা প্রায়-- যদিও বর্ষায় তার যৌবন উৎলে ওঠে-- ঘোলাস্রোতে প্রবলবেগে ছুটে চলে জল, তবুও পুরোপুরি পায় না ফিরে তার পুরনো যৌবন।
দ্বীপচন্দ্রপুর, যার আদি নাম সাধুবাবার চর। তারও আগে কোনো নাম ছিলো কিনা কেউ তা বলতে পারে না। যদিও তার আরো কোনো আদি নাম থেকে থাকে তবে তা হারিয়ে গেছে কালের গহ্বরে। কালে কালে কতো কিছুইতো হারিয়ে যায়-- হারায় সভ্যতা, হারায় মানুষ, হারায় তার জ্ঞান।
এই সাধুবাবার চরের মাটিতেই একদিন শুরু হয় বসতি। তারও আগে কি এই চরের মাটি সিক্ত হয় নাই রক্তে? এই চর দখল নিতে চায় নাই কি তামাম মানুষ? দক্ষিণে শঙ্খমিত্রার অইপাড়ে সাধুপাড়া আর উত্তরে নূরপুর। চায় নাই কি দুইগ্রামের মানুষ দখল নিতে এই সাধুবাবার চর?
এই ইতিহাস জানে শুধু বুড়াদাদা।
০২.(রুদ্র)
খবরটা ছড়িয়ে পড়ে বাতাসে। আমরা বিস্ময়ে হই হতবাক। কেমন করে এ ঘটনা ঘটে? কারা ঘটায়? আমাদের চোখের সামনে নগেন স্যারের হাস্যোজ্জ্বল মুখটি ভেসে ওঠে। শুভ্র ধূতি আর ফতুয়ার আড়ালে ফর্সা মানুষটির নিটোল ব্যক্তিত্ত্বে মুগ্ধ হয়েছি কতোবার! দীপঙ্কর, ময়ূখ, শহর, সুমিত, ইশতিয়াক, সুমন আর আমি শঙ্খমিত্রার তীরে চা ঘরটিতে এসে বসি। আমরা মৌন অথচ নীরবতাই যেনো আমাদের ভাষা।
চা-শিল্পী অনীল ঘোষ বলে, মামা ঘটনা হুনছো?
আমরা কেউ কথা বলি না। আমরা নীরব থেকে অনীল ঘোষকে আমাদের বার্তা পৌঁছে দেই। অনীল ঘোষ চুপ হয়ে থাকে। এই দুপুরে ঘাট বড় নির্জন। অনীল ঘোষ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা তাকিয়ে থাকি ডিমের মতো এক গোল আলোর দিকে। চা-ঘরের চালার ফাঁক দিয়ে রুদ্র এসে এ ডিম্বক হয়। আলোর ডিম্বক।
অনীল ঘোষ আবার কথা বলে ওঠে, আমাগরে এ মাটি টানে, টানে না মাটির মানুষ।
তার কথা আমরা ঠিক বুঝতে পারি না। আমরা আলোক ডিম্বের দিকে তাকিয়ে থাকি।
অনীল ঘোষ বলে, বেটিডা খুব ভালো আছিলো গো।
আমাদের চোখের সামনে ভেসে ওঠে সন্ধ্যার উচ্ছ্বল রূপ। আমাদের মনে হয় সন্ধ্যা আমাদের বলে, দাদা। আমরা আলোক ডিম্বকের দিকে তাকিয়ে থাকি স্থির। আমাদের চোখের সামনে দিয়ে সন্ধ্যা তার উচ্ছৃঙ্খল পায়ে দৌড়ে যায় নদীর কাশফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে। আমরা আমাদের দিকে দেখি। শহরের গাল বেয়ে টপটপ জল পড়ে। খুব বেশি আবেগী শহর, আমাদের শহর আলী।
সেই আমাদের মৌনতা ভাঙে, বলে, জুতাউর খিজামীরে রাজাকার কওনের প্রতিশোধ লইছে খিজামী। মনে নাই তোদের, স্যার নির্বাচনের আগে কইছিলো রাজাকাররে ভোট না দিতে?
আমরা বলি, মনে আছে।
ইসতিয়াক বলে, চল আমরা যাই।
কেউ আর কোনো কথা না বলে উঠে দাঁড়াই। অনীল ঘোষও যেতে চায়, আমরা তাকে নিষেধ করি।
ঘাটে বাঁধা নৌকাটি নিয়ে আমরা চলি দ্বীপচন্দ্রপুরে। শঙ্খমিত্রা আজ অচেনা, অচেনা বড় তার ঢেউ। দুপুরের রোদে দূরের দ্বীপচন্দ্রপুরকে অচেনা চর বলে মনে হয়। আমাদের আলোক ডিম্বকের কথা মনে পড়ে।
০৩.
নৌকা থেকে নেমে আমরা এগিয়ে যাই নগেন স্যারের বাড়ির দিকে। শূন্য জনপদ। চারপাশের বাড়িগুলোতে কোনো লোক নেই। ক্ষেতে খামারে কোন কৃষক দেখি না আমরা, বাড়ির অঙ্গনে নেই কৃষকবউ, শিশু কিংবা তরুণী কেউ। বড়ো নিস্তব্ধতার ভেতর দিয়ে আমরা পাড় হয়ে যাই নগেন স্যারের বাড়ির দিকে। ক্রমশ জনতার শূন্যতা আমাদের বুকের ভেতর হাহাকার তৈরি করে। আমরা মুক অথচ ভাষাহীন নই। আমরা কখনো থামি আবার চলতে শুরু করি। আমাদের মনে হয় আমরা যুগ যুগ ধরে হেঁটে চলেছি। আমরা আমাদের ছায়ার কথা ভুলি না। আড় চোখে প্রত্যেকেই প্রত্যেকের নাতিদীর্ঘ ছায়া দেখে নেই।
এই দ্বীপচন্দ্রপুরে আমরা নতুন নই। আরো অনেকবার এসেছি, বহুবার এই পথ দিয়ে হেঁটে গেছি। নগেন স্যারের বাড়িতে আমরা গিয়েছি, আঙিনার ঘাসে আমরা দাঁড়িয়েছি। তবু এই পথ, এই চরাচর আজ বহু অচেনা। এক বাড়ির উঠোনে মাটির চুলোয় ভাতের হাড়ির আধো ঢাকা ঢাকনার ফাঁক দিয়ে বাষ্পের উড়ে যাওয়া দেখে আমরা থমকে দাঁড়াই। প্রত্যাশা করি কারো সাড়া পাবার। কিন্তু কোথাও কাউকে চোখে পড়ে না। দূরে কোনো এক ঘরে অদ্ভুত স্বরে বেড়াল ডেকে ওঠে। বেড়ালের ডাকে আমাদের পুনরায় সেই চা-ঘরের আলোক ডিম্বকের কথা স্মরণ হয়।
সন্ধ্যা, আমাদের বোন। আমাদের চোখের সামনে দিয়ে সে পুনরায় দৌড়ে চলে সরু মেঠো পথ ধরে। আমরা সকলেই স্থির হয়ে দেখি।
---------------------------------------------------------------------------------
কৃষ্ণ তরুণ:
Click This Link
দ্বীপচন্দ্রপুর:
Click This Link/29001222
---------------------------------------------------------------------------------
* অনেকের মতে গল্পটি শহীদুল জহির কিংবা সৈয়দ হক দ্বারা দারুণ প্রভাবিত। কিন্তু আমার তা মনে হয় নি, হয়তো বলার ধরন কিছুটা মিল থাকতে পারে। যেমন, "বেড়ালের ডাকে আমাদের পুনরায় সেই চা-ঘরের আলোক ডিম্বকের কথা স্মরণ হয়" ইত্যাদি।
এই তরুণ লেখকের গল্পটি আমার কাছে খুবি সম্ভাবনাময় মনে হয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



