কাঠগড়ায় দাঁড়িয়ে যেভাবে বলতে হয়
'যাহা বলিব সত্য বলিব...'
সেভাবেই বলতে পারি,
ভালোবাসায় এত তৃপ্তি এর আগে
কেউ কখনও দেয়নি আমাকে।
শুনে ছাতিম ঘেরা পুকুরের জলের মত
সপ্তপাতার ঢেউ খেলে যায় অরণ্যের চোখে।
কিন্তু তাতে ভেসে যায় না তৃপ্তি।
মাটি ছুঁলে গন্ডী এঁকে দিয়ে বলে,
'এর বাইরে এক পা-ও নয় কিন্তু।'
মেনে নিই সেই শাসন।
ছটফটানি টের পায় অতৃপ্তি।
মাথা তুলতে চায়।
তখনই কানের কাছে তৃপ্তির কথা,
'আমি জানি তোমাকে
তুমি জানো আমাকে।
কিছু কথা নিরুচ্চার থাকলে
মিথ্যে হয়ে যায় না সত্যি।'
অতৃপ্তি ফের হেরে যায় তৃপ্তির কাছে।
তৃপ্তি এসে হাত রাখে হাতে।
চোখে রাখে চোখ।
নীরবতারও কত কথা তখন।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


