খুব শক্ত কিছু নয়; কিন্তু করবেটা কে-
গরীব-গুর্বোদের ধরে ধরে মেরুর উত্তর-দক্ষিণে পাঠিয়ে দিতে?
পেটে ভাত নেই, না থাকুক; দিন তো পার হয়ে যায় ঠিক
পরিশ্রমের ঘামে যে শরীর চমকিত চিকচিক
বিভীষিকা যদিও নয়, কিন্তু অন্ধকার পাড়ে যাদের অনীহা প্রবল
একটু দিনের আশায় যারা বউয়ের সাথে না শুয়ে শরীরটা রাখে সবল-
জীবনের অভাব যারা মানে অন্ধকারের ভাই-বেরাদর
শুধু একটুকু দিনের আলো তাদের জন্য অনেক আদর, সোনা, অনেক আদর!
রাত পোহাবার আশায় আশাহীন দিন যাদের খড়কুটো
দুই মেরুতে তাদের কেউ পাঠিয়ে দাও না ধরে মুঠোমুঠো;
অন্তত ছ’টি মাস একটানা দিন পাবে তারা
করবে না বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ- গরীব বানিয়েছে যারা।
সূর্যের আলো-বাতাস খেয়ে দিন কাটানো যায়
রাতগুজরান প্রবল ভীষণ, চায় অন্ধকারের সাথে সহবাসের দায়।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




