লুসিয়ানা অঙ্গরাজ্যে একটা স্থানীয় সমস্যা সমাধানে ফাদার টেডকে ডাকা হল। তখন ষাটের দশক, আমেরিকায় বর্ণবাদ তখনও বেশ প্রবল। অন্য রাজ্য থেকে লুসিয়ানায় এসে তরুণ ফাদার টেড শুরুতেই এই ব্যাপারটা লক্ষ্য করলেন। বর্ণবাদ সেখানে এতোটাই প্রবল যে সাদা ও কালো মানুষ এক টেবিলে খাবার খায় না। ফাদার যে কাজটি করতে এসেছেন সেটাতে বিভিন্ন বর্ণ গোত্রের মানুষ একত্রে অংশ নেবে, কিন্তু এমন দূরত্ব থাকলে তো তাদের এক জায়গায় আনাই কঠিন হয়ে পড়বে।
ফাদার সেই অসাধ্য সাধন করলেন। সবাই একসঙ্গে বসল এবং কাজটিও ঠিকমতো হল।
বহু বছর পর ফাদারকে জিজ্ঞেস করা হল, তিনি এটা সম্ভব করেছিলেন কীভাবে?
ফাদার হেসে বললেন, ‘আমি প্রথমদিনই লক্ষ্য করলাম, সেখানকার অধিবাসীদের অধিকাংশই মৎস্যজীবী। আমি তাদের সবাইকে লেকের পাড়ে ডাকলাম এবং বড় একটা নৌকায় করে তাদের নিয়ে লেকে ঘুরতে লাগলাম। নিজেদের চেনা পরিবেশে তাদের মধ্যে মত বিনিময় সহজ হয়ে এলো। মানুষ স্বাভাবিকভাবেই বন্ধুত্বপরায়ণ, কখনো কখনো নিজের অবস্থান থেকে অন্যের অবস্থান বুঝতে না পারলে তাকে দূরের মানুষ মনে করে, শত্রু ভেবে বসে। অথচ সেই মানুষটা আর তার মাঝে কোন পার্থক্যই নেই- এটা বুঝতে পারলে কোন সমস্যাই থাকে না। সেজন্য তাদের ব্যবধানগুলোতে নয়, বরং মিলগুলোতে জোর দিতে হয়। সবাই তো এক সৃষ্টিকর্তারই সন্তান, তিনি তো কারো প্রতি বিভেদ করেননি! তাহলে আমরা নিজেদের মধ্যে বিভেদ করবো কেন?’

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


