আমি শান্তি ও অহিংসার পক্ষে।
কেন যে পৃথিবীটা এমন যুদ্ধংদেহী,
দুনিয়ার গোষ্ঠিশুদ্ধ লোকজন
কেন যে মহাত্মা গান্ধীর পথে গেল না
আমার বোধগম্য নয়।
প্রাচীন ভারতবর্ষীয় প্রজ্ঞা ১০০% খাঁটি
আমার বরংবলা উচিত ২০০%।
অথচ আধুনিক প্রজন্মের বড্ড তাচ্ছিল্যের ভাব;
যা কিছু বিদেশী এবং ফ্যাশনের বড্ড অনুগামী।
সেদিন পত্রিকায় পড়েছিলাম
(আমি প্রত্যহ 'টাইমস অব ইন্ডিয়া' পড়িয়া থাকি,
উদ্দেশ্য: ইংরেজি-জ্ঞান বৃদ্ধি)
কীভাবে এক গুণ্ডাপাণ্ডা কিসিমের লোক
ইন্দিরা বোন-কে ইট ছুঁড়ে মারল।
ভাবলাম, অস্থিরকামী কোন ছাত্রটাত্র হবে হয়ত।
বন্ধুগণ, রোমানগণ, হে দেশবাসী, আমি কহিতেছি (স্বগত)
আমার ললিত বাণী শুনুন।
সকল কিছুই আসিতেছে-
পুনর্জন্ম, মাহিনা মজুরি, জন্মনিরোধক পন্থা,
ধৈর্য্য ধারণ করুন, ভ্রাতা ও ভগ্নিসকল।
এক গ্লাস লাসসি খাবেন?
হজমে খুব সহায়ক।
একটু লবন ছিটালে দারুণ পানীয়।
মদের চেয়েও উত্তম;
আবার ভাববেন না যেন, আমি মদ খাই।
আমি সম্পূর্ণ মদমুক্ত, সম্পূর্ণ মানে সম্পূর্ণই।
যা বলছিলাম
মদ কেবল মদ্যপদের জন্যে।
আচ্ছা, বিশ্বশান্তির ব্যাপারে কোন সম্ভাবনা আছেটাছে নাকি?
কেমন ভাবসাব পাকিস্থানের,
কেমন ভাবসাব যেন চীনাদের,
ইহা আমাকে খুবই ভারাক্রান্ত করিতেছে, আপনাকে বলিয়া রাখিলাম,
সত্যি সত্যি ইহা আমাকে ভিষণ বিব্রত করিতেছে।
সব মানুষ ভাই ভাই, নয় তাই?
এই ভারতেই তো
গুজরাটি, মারাঠি, হিন্দিওয়ালারা
সব ভাই ভাই,
যদিও কার কার হাস্যকর অভ্যাস রহিয়াছে।
তবু আপনি আমাকে সহ্য করেন
এবং আমি আপনাকে,
একদিন 'রামরাজ্য' নিশ্চিত আসিবে।
আপনি কি চলিলেন?
আবার আসিবেন কিন্তু,
যখন খুশি, যেদিন খুশি,
আমি আনুষ্ঠানিকতায় বিশ্বাসী নই,
অধিকন্তুু আপনার সঙ্গ সর্বদা উপভোগ্য বটে।
-নিসিম এজেকিয়েল (ভারত)
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




