শাওনদের ধরা খাওয়া শুরু দাদার আমল থেকে ।
কারণ, শাওনের দাদা তার আমলে ৩০০ টাকায় টেলিফোন সংযোগ কিনে ১৭০ টাকা ধরা খেয়েছিল।
শাওন আমাদের সামনে প্রায়ই বাহাদুরী করে বলতো, আরে ব্যাটা তোরা তো কয়দিন হইলো টেলিফোন কিনছস। আমগো বাড়ীতে টেলিফোন কিনছি ওই আমলে। ৩০০ টাকা লাগছিল।
ক'দিন আগে আমাদের আরেক বন্ধু তার চাচাতো নানার কাছ থেকে খবর নিয়ে এসে জানালো, আরে ব্যাটা ওই আমলেও তোরা ১৭০ টাকা ধরা খাইছস। আমার চাচাতো নানা ওই আমলে ১৩০ টাকায় ফোন নিছিল।
শাওনের ধরা খাওয়ার রেকর্ড বিরল। তবে তার পেটে বেশি কিছু থাকেনা বলে সব আমরা জেনে যাই। সেটা অপ্রকাশ্য ধরা হলেও।
একদিন সে যথেষ্ট উত্তেজিত হয়ে এসে বলল, আজ তো ওমুক বাসের হেলপারের লগে ঝামেলা হইয়া যাইতো। শালারা দুনিয়ার বদমাইস।
আমি জিজ্ঞাসা করলাম ক্যান কী হইছে?
আরে আর কইছ না, রাকীব আজকে বাসে ওঠতে গেছে, তারে নামায়া দিছে।
কেন? সে টিকেট করে নাই?
আরে, আমি করতেছিলাম। রাকীবরে বললাম, তুমি গিয়া ওঠো আমি টিকেট নিয়া আসি। সে ওঠতে গেছে, নামায়া দিছে।
পরে?
শাওন তখনও ব্যাপক রাগ নিয়ে বলল, পরে আমার মেজাজ খারাপ হইয়া গেলো, আমি সাথে সাথে গেছি হেলপাররে জারি দেওয়ার লাইগা।
তারপরে?
আরে, শালায় এতো বদমাইস, আমারেও নামায়া দিছে।
আমরা হাসবো না কাদবো না রাগ দেখাবো কোনো কিছুই পারলাম না।
আগে কাজ না থাকলে এবং অতি রিকোয়েষ্ট থাকলে মাঝে মাঝে শহরের দুয়েকটা সাহিত্য সভায় গিয়েছি। তো এমনি একটায়, প্রচুর মানুষ। মেয়ে শ্রোতা বেশি। তো আমাদের বেশ কয়েকজন ছড়া কবিতা পড়ার পরে শাওনের নাম আসলো। শাওন জানালো পরে পড়বে।
আমাদের বললো, লেখা তো মনে নাই। পড়মু চিন্তা করেও আসি নাই, এখন মেয়েদের দেইখ্যা পড়তে ইচ্ছে করতেছে।
আমরা উৎসাহ দিলাম, তোর বাসা তো কাছে যা জলদি নিয়া আয়। তারপর থেকে শুরু হলো শাওনের দ্বিধাদন্দ...
যামু? যামু না? যামু? যামু না?
একটা সময় দেখলাম, সে ওঠে চলে গেলো। উপস্থিত নারী জাতিকে তার কাব্য প্রতিভা না শুনিয়ে ছাড়বেই না মনে হয়। কিন্তু দুঃখের বিষয়, সে যখন আবার অনুষ্ঠানে ঢুকলো তখন মাইক্রোফোনে উপস্থাপক রিকোয়েষ্ট করছিলেন, আমাদের আগামী সভায়ও আপনাদের অংশগ্রহন কাম্য।
শাওন তখন হাতের কাগজটি লুকিয়ে উপস্থাপকের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বললো। শোনা না গেলেও মুখের এক্সপ্রেশন দেখে বোঝা গেলো রেগে গেলে সে যে গালিটা বেশি দেয় সে রকম কিছু।
আমরা শাওনের দিকে না তাকিয়ে তার চেয়ে বেশি লজ্জা পাবার ভাব নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করলাম।
(১ম পর্ব ভাল্লাগলে ২য় পর্বে ঢুইকেন। ভালো না লাগলে মাইনাস দিতে ভুইলেননা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



