আমি পুরুষ, আমি কলঙ্কহীন চাঁদ
যে চাঁদে কোন দাগ নেই
যে চাঁদ জ্যোতি ছড়ায়
মাঝে মাঝে যেন সূর্যের চেয়েও বেশি।।
কিছুই আমার গায়ে লাগে না
আমি শুধুই শুভ্র
কালো লাল নীল কলঙ্ক
ভুলেও আমায় পারে না ছুঁতে
এমনই আমার ক্ষমতা।।
আমি নারীদের পানে তাকাই আর হাসি
এরা নিজেদের নিয়ে করছে কী নিষ্ঠুর খেলা
আমারই পথে আমারই সাথে হাঁটে যে নারী
সেও চাঁদ, কিন্তু তাঁর গায়ে যেন দগদগে ঘা
আমার কলঙ্কহীন রূপে সে পরশ্রীকাতরের মত তাকায়
আমি গর্বে মাথা আরো উঁচু করি
আমি যে পুরুষ, আমি যে কলঙ্কহীন চাঁদ।।
এগিয়ে যাই আমি কোন বাঁধা ছাড়াই
পিছু ফিরে দেখি সেই নারীকে
যে কিনা ছিল আমার পাশে
তারই কাঁধে চড়ে বসেছে
আরেক দগদগে ঘা-ওয়ালা বুড়ি
আমি তৃপ্তির হাসি হাসি
আমার হসিতে আমার জ্যোতি যেন আরো বাড়ে
আমি যে পুরুষ, কলঙ্কহীন চাঁদ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

