আমাদের এ জলাতে, ঈশ্বরই জানেন কেন
রাজাদের মৃগয়ার ভিড় লেগে থাকে শুধু।
দেশি কি বা ভিনদেশি রাজাধিরাজের সারি, সাথে করে নিজ নিজ দসু্যদল।
তাদের শিকারি পশু
রাতে দিনে জ্বলজ্বলে নীলসবুজের ছোপ চোখে নিয়ে দ্যাখে,
আমাদের, আর
করুণ কান্নায় তারা ভেঙে পড়ে তাক করে সঠিক নখর
যেখানে আমরা কত হাজার বছর ধরে লুকোই, লুকিয়ে থাকি।
রাজারা তৃপ্ত হাসে
ধনুকে ছিলায় তারা মিশে যায়
তূণ থেকে কেমন মসৃণ দ্যাখো বেছে নেয় তীক্ষ্ন করা শর
মাঝে মাঝে তেনাদের তীর আর ধনুক ত্যাজে না, নিক্ষেপের ভঙ্গি দেখে আমাদের কেউ কেউ লুটোপুটি খেতে খেতে বিদ্ধ হয়ে যায়।
একের মৃগয়া শেষ হতে না হতেই দ্যাখো অন্য চলে আসে, রাজা, তার দসু্যদল
তীর, গুলি, বর্শা, ঘৃণা .. .. যে যেভাবে পারে ছুঁড়ে গাঁথে আমাদের।
তবুও মৃগয়া শেষ হয় বুঝি .. .. একদিন হত্যাক্লান্ত রাজনেরা ফিরে যায়, ফেরে তার দসু্যদল
আমাদের এ জলায়, আহারে বেচারা যত সন্ত্রস্ত ডাহুক সারি
ঘাসে কি কাদায়, ঝোপে, জলে মিশে কাঁপে, আর ভাবে, আর অভিশাপ দেয়
কখনো রাজাকে আর কখনো নিজেকে .. .. আর
একটা নির্লিপ্ত ব্যাঙ জিভ ছুঁড়ে পতঙ্গকে ধরে
মুখে পোরে তাকে
আর চিবোতে চিবোতে বলে, আরেকটা ব্যাঙের কাছে,
'আমিও শিকারি, বন্ধু, চলো, আজ মৃগয়াতে যাই।'
(জুন 14, 2003 তারিখে লেখা। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

