দৈনিক পত্রিকা খুললেই আঁতকে উঠি ইদানিং-
আতঙ্কিত হয়ে দিনটা শুরু করবার কোনো মানেই হয় না, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, ইত্যকার শিউড়ে ওঠা সংবাদগুলো চোখের সামনে রেখে দিনের শুভ সূচনা অসম্ভব। তবে মানবীয় হিংস্রতার সংবাদের সাথে ইদানিং যুক্ত হয়ে রাজনৈতিক সহিংসতার সংবাদ, এবং খুব আশ্চর্যের বিষয় হলো ক্ষমতাসীন দলের নেতা-কর্মী এবং অন্য সব সমর্থকদের ভেতরে একটা অদ্ভুত বোধ কাজ করে, তাদের টিকিটিও কেউ স্পর্শ্ব করতে পারবে না। এবং এই নিরাপত্তাকবচ কিংবা দলীয় সমর্থক এবং কর্মীর কাগজটি বুকে সাঁটিয়ে তারা নেমে যাচ্ছে মানুষ শিকারে।
আমাদের রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন এবং আমাদের বিরোধীপক্ষকে নিষ্ঠুর ভাবে দমনের জন্য আমাদের সাংসদগণ শুধুমাত্র রাষ্ট্রীয় পেশীশক্তির ব্যবহার করেন এমন না, তারা এ কাজে সহযোগিতা করবার জন্য নিজস্ব দলীয় নেতাকর্মীদের একাংশকে প্রশ্রয় দেন, এবং এরও পরে তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা কর্মীদের বখরা এবং প্রশ্রয় দিয়ে হত্যা এবং লুণ্ঠনের ঘটনাগুলো ঘটান।
দক্ষিণের জনপদে এমনটাই বাস্তবতা। রাজশাহীদের বাংলা ভাইয়ের উত্থানও এমনই একটি বাস্তবতার বিকৃত রূপ, যেখানে ক্ষমতাসীনদের একাংশ প্রশ্রয় দিয়েছিলো বামপন্থী চরমপন্থী ঘাতকদের এবং অন্য অংশ সক্রিয় সমর্থন দিয়েছিলো ডানপন্থী চরমপন্থীদের। এবং খুন, খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, সেই জঙ্গলের নিয়মের পুনরাবৃত্তি ঘটেছিলো।
সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের চলমান রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজী এবং অন্যসব রজানৈতিক পরিচয়ে করা অপরাধের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধের ভর করে। এইসব রাজনৈতিক দুবৃত্বদের দমন করবার সীমাহীন ব্যর্থতা আমাদের মতো আম জনতাকে আতঙ্কিত করে রাখে সর্বক্ষণ।
শেখ হাসিনা প্রশ্রয় দিচ্ছেন,
দুষ্টু ছেলে ওকে বকে দিবেন বলে মমতাময়ী প্রশ্রয়ের পর্যায়ে এখনও সেটা পৌঁছায় নি বটে, তবে দিনের সূচনা দেখে সাঁঝবেলার সংবাদ এবং সংবেদ পাওয়া গেলে বলতে হবে আওয়ামী লীগ এখন সেই পথেই যাত্রা করেছে।
কক্সবাজারে বদিউজ্জামান, চট্টগ্রামে লতিফ, মনোনিত মন্ত্রী এবং সাংসদদের বিভিন্ন কর্মকান্ডে শক্ত বিরোধীতা না করলে ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে তৃতীয় হওয়ার জন্য জাতীয় পার্টির সাথে লড়াই করতে হবে।
শেখ হাসিনার এই কাকস্বভাব কিংবা সবকিছুকে অবজ্ঞা করে যাওয়া কিংবা প্রশ্রয় দেওয়ার প্রেক্ষিতে আমার গাঁয়ের বালিকার কথা মনে পড়ে, সে বালিকা সবাইকেই প্রশ্রয় দিতো, কাউকেই না করতে পারতো না। সুতরাং অতি ঘনঘন গর্ভবতী হয়ে সে লোকলজ্জার শিকার হতো।
শেখ হাসিনাকে অনুরোধ অন্তত কিছু কিছু ক্ষেত্রে না বলতে শিখুন, সেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো। নতুবা গাঁয়ের না বলতে পারা মেয়েটার মতো আপনার নেতাকর্মীরাও দুর্নীতির অতিপ্রজনন করবে এবং সেটার লজ্জায় ডুববেন আপনি, আপনার দল এবং একই সাথে আমাদেরও নিতান্ত বাধ্য হয়েই মুখ ফিরিয়ে নিতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




