শিক্ষা ব্যবস্থা : আমাদের প্রত্যাশা
শিক্ষা ব্যবস্থা একটি জাতির জ্ঞানমস্তিষ্ক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে সমস্ত বিষয়ে পাঠ গ্রহণ করে, সেই বিদ্যাই একজন ছাত্রের সারা জীবনের সম্বল। এই অর্জন নিয়েই সে সমস্ত জীবন পথ চলে। চাকরি করে, ব্যবসা করে, শিল্প সাহিত্য রচনা করে, জীবনযাপন করে। ইংলিশ মিডিয়াম স্কুলসমূহে পাশ্চাত্য ইতিহাস-রাজনীতি-সাহিত্য ও মূল্যবোধ তাদেরকে শিক্ষা দেয়া হয়। এতে আমাদের জাতীয় ঐতিহ্যের নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের পথ পায় না। সাধারন শিক্ষা কার্য্যক্রম এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে যদি ধর্মজ্ঞানচর্চার সাথে বিজ্ঞান-প্রযুক্তি ও বাণিজ্য বিষয়ে ছত্রদের সঠিকভাবে শিক্ষা দেয়া যায়, তবে তারা দেশের যোগ্য নাগরিক হিসাবে তৈরি হতে পারবে।
বাঙালির প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি, বৌদ্ধ, হিন্দু এবং মুসলিম- এই তিন ধর্মীয় সম্প্রদায়ের ঐতিহ্যবোধে আমরা সমৃদ্ধ। গৌররাজ শশাঙ্কের রাজত্বকাল ছিল ৬০৬ থেকে ৬৩৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন শিবের উপাসক। খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে বাংলায় পালবংশের প্রতিষ্ঠা ঘটে। গোপাল এবং পরবর্তী পাল রাজাগণ বৌদ্ধ ছিলেন। বিজয় সেন (১০৯৫-১১৫৮), বল্লাল সেন (১১৫৮-১১৭৮) এবং লক্ষণ সেন (১১৭৯-১২০৬)- সেনরাজা ছিলেন। সেনযুগে ব্রাহ্মণবাদী হিন্দুদের জাগরণ প্রায়াস ঘটে। বৌদ্ধ ও ক্ষত্রীয়, বৈশ্য এবং শূত্ররা- সেন আমলে নিগৃহীত হয়েছিল। ১২০০ থেকে প্রায় ১৮০০ সাল পর্যন্ত সকল অর্থনীতিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক মুসীলম নেতৃত্বের শাসন ছিল বঙ্গদেশে।
প্রাচীন ও মধ্যযুগের বাংলাদেশে বৌদ্ধ, হিন্দু ও মুসলমানদের শাসন থাকায় তিনটি ধর্মের ঐতিহ্যই আমাদের ইতিহাসের অংশ হয়েছে। মুসলিম শাসনামলের ৬০০ বছর (১২০০-১৮০০ খ্রিঃ) বঙ্গদেশে কোন সাম্প্রদায়িক সংঘাতের রক্তাক্ততা ঘটেনি। সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে গুরুত্বের সঙ্গে শিক্ষা দিতে হবে।
ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে ব্রিটিশ ও মার্কিন ইতিহাস ও রাষ্ট্রনীতি শিক্ষা দেয়া হয়। ব্রিটিশদের শঠতার কারণেই হিন্দু ও মুসলমানদের মধ্যে তারা সংঘাত ঘটিয়ে ১৯২৬ সালে ইংরেজরা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। পাশ্চাত্য জ্ঞানের মূল্যবোধ ও নৈতিকতাসমৃদ্ধ জ্ঞান যা আমাদের ধর্মীয় সংস্কৃতিক উদারতার সাথে মিলে, সেটিকে অবশ্যই আমরা গ্রহণ করবো। যে শিক্ষা মানুষকে বিভক্ত করে, মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে, পাশ্চাত্যের সেই বিষাক্ত জ্ঞানকে অবশ্যই আমরা গ্রহণ করবো না। শিক্ষা সংক্রান্ত সিলেবাসে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা থাকা উচিত।
গ্রাম থেকে এসে শহরে পড়াশুনা করে শিক্ষিত হবার পর দেখা যায়, যে পিতামাতা সন্তানকে জমি বিক্রি করে অধ্যয়ন করিয়েছে, সেই মাতাপিতার দায়িত্বই সন্তান পালন করছে না। গ্রামের গরিব ও শহরের শ্রমিকদেরকে মানুষ হিসাবেই মনে করছে না। যে শিক্ষা এই অহংকার শিখায়, সে শিক্ষা মানুষকে ভালোবাসতে এবং মানুষের কল্যাণ সাধন ও উপকার করতে শেখায় না- এমন শিক্ষা যাতে প্রদান করা না হয়- সে নির্দেশনা ও ব্যবস্থাপনা সৎ ও যোগ্য শিক্ষিত মানুষ তৈরি করে আমাদের শিক্ষা ব্যবস্থায় তার প্রতিফলন ঘটাতে হবে।
উচ্চশিক্ষিত হয়ে সমাজের, রাষ্ট্রের গ্রামের, প্রশাসনের, বৈদেশিক বাণিজ্যের- প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কীভাবে অধিকতর জনকল্যাণকে নিশ্চিত করা যায় এমন উদার মহৎ মূল্যবোধসম্পন্ন মানুষ সৃষ্টি করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায়। কত টাকা চাই- একজন মানুষের জীবনে যে, টাকার জন্যে একজন দুর্নীতিবাজ হয়। মানুষের ও সমাজের উপকারের জন্য অর্থকে ব্যয় করতে হবে- এই মনোভাব শিক্ষা ব্যবস্থায় থাকলে সমাজে দুর্নীতিবাজ সৃষ্টি হবে না।
আমাদের ইতিহাসে বৌদ্ধ, হিন্দু ও মুসলমানদের সহনশীল সম্পর্কের ব্যাপারে উজ্জ্বল্য আছে। মধ্যযুগের মুসলিম শাসক ও সুফি সাধকরা জনকল্যাণের জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করে জনসেবা করেছে। এমন নৈতিকতাবোধ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দিতে হবে যাতে মানুষ সৎ ও শ্রষ্টাপ্রবণ হয়ে একই স্রস্টার সৃষ্টি যেহেতু সমস্ত মানুষ- সেজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে জনগণকল্যাণ মানসে নিজেকে ব্যাপৃত রাখবে।
আমাদের শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর মূল্যবোধসম্পন্ন জ্ঞানী ও নৈতিকতাসমৃদ্ধ মনীষীদের জীবনী পড়ানোর ব্যবস্থা থাকতে হবে। যাতে আমাদের দেশের শিক্ষার্থীরা মহৎ মানুষ হিসাবে গড়ে ওঠার স্বপ্ন দেখতে পারে শৈশব থেকে। তাহলে মানবিক মূল্যবোধসম্পন্ন প্রকৃত সৎ, ধর্ম প্রাণ, মহৎ ও উদার মানুষ সৃষ্টি হবে আমাদের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষার উদ্দেশ্য যেহেতু মানবকল্যাণ, এবং মানুষে মানুষে সংযুক্তি- সেজন্য নৈতিক ও মূলবোধসম্পন্ন শিক্ষা প্রদান করানো সম্ভব হলে আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষে মানুষে সংযোগের দর্শন সম্পৃক্ত শিক্ষা প্রদানে সমর্থ হবে বলে আমি বিশ্বাস করি।
অঃটঃ লেখাটি অনেকদিন পুর্বে একটি জাতীয় দৈনিকে ছাপা হয়েছিল। বর্তমানে লেখাটি সংক্ষিপ্ত করে পোস্ট দিয়েছি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


